কুমিল্লাবুধবার, ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’ সিনেমায় নতুন চমক

প্রতিবেদক
Cumilla Press
জুন ২৪, ২০২৬ ৪:৩৬ অপরাহ্ণ
Link Copied!

বিশ্বজুড়ে এখন তুমুল আলোচনায় টম হল্যান্ড অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’। আগামী ৩১ জুলাই মুক্তি পাচ্ছে সনি পিকচার্স ও মার্ভেল স্টুডিওসের এই সুপারহিরো চলচ্চিত্র। তবে মুক্তির আগেই সিনেমাটি গড়তে যাচ্ছে এক নতুন ইতিহাস।

শুধু গল্প বা ভিজ্যুয়াল ইফেক্ট নয়, প্রযুক্তিগত দিক থেকেও অনন্য হতে যাচ্ছে সিনেমাটি। নির্মাতাদের দাবি, ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’ বিশ্বের প্রথম চলচ্চিত্র, যা সম্পূর্ণভাবে ‘শট ফর স্ক্রিন-এক্স’ উদ্যোগের আওতায় নির্মিত হয়েছে। স্ক্রিন-এক্স হলো এক ধরনের উন্নত সিনেমা প্রদর্শন প্রযুক্তি। সাধারণ সিনেমা হলে দর্শক শুধু সামনের পর্দায় সিনেমা দেখেন। কিন্তু স্ক্রিন-এক্স প্রযুক্তিতে মূল পর্দার পাশাপাশি হলের দুই পাশের দেয়ালেও দৃশ্য সম্প্রসারিত হয়। ফলে দর্শকরা ২৭০ ডিগ্রি প্যানারোমিক ভিউ উপভোগ করতে পারেন, যা সিনেমার অভিজ্ঞতাকে আরও বাস্তব ও নিমগ্ন করে তোলে।

টম হল্যান্ড অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’। ছবি: সংগৃহীত

এই প্রযুক্তির সুবিধা সবচেয়ে বেশি ভালো লাগবে স্পাইডার-ম্যানের অ্যাকশন দৃশ্যগুলো। এর আগে বেশ কয়েকটি বড় বাজেটের হলিউড সিনেমা স্ক্রিন-এক্স ফরম্যাটে মুক্তি পেয়েছিল। তবে সেসব ক্ষেত্রে মূল সিনেমা প্রচলিত পদ্ধতিতে ধারণ করা হয় এবং পরে সম্পাদনার সময় অতিরিক্ত গ্রাফিকস যোগ করে পাশের পর্দাগুলোর জন্য দৃশ্য তৈরি করা হতো। কিন্তু ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’-এর ক্ষেত্রে নির্মাতারা ভিন্ন পথে হেঁটতে যাচ্ছে। সিনেমাটির নির্বাচিত দৃশ্যগুলো শুরু থেকেই স্ক্রিন-এক্স প্রযুক্তির জন্য পরিকল্পনা করে মাল্টি-ক্যামেরায় ধারণ করা হয়েছে।

এই প্রযুক্তির সুবিধা সবচেয়ে বেশি ভালো লাগবে স্পাইডার-ম্যানের অ্যাকশন দৃশ্যগুলো। ছবি: সিনেমার ট্রেলার থেকে

সিনেমাটির পরিচালক ডেসটিন ড্যানিয়েল ক্রেটন বলেন, সিজে ফোরডিপ্লেক্সের দল সরাসরি আমাদের সেটে এসেছিল। দর্শকরা সিনেমার নির্বাচিত দৃশ্যে মূল পর্দার দুই পাশের দেয়ালে যে ফুটেজ দেখবেন, সেগুলো সেটেই বিশেষ ক্যামেরার মাধ্যমে ধারণ করা হয়েছে। এটি একেবারেই নতুন একটি উদ্যোগ, যা আগে কখনো করা হয়নি। 

সিনেমা বিশেষজ্ঞদের মতে, স্ক্রিন-এক্সের জন্য আলাদাভাবে পরিকল্পিত ও ধারণ করা এই সিনেমা প্রিমিয়াম সিনেমা প্রযুক্তির ক্ষেত্রে নতুন মানদণ্ড তৈরি করতে পারে। ফলে স্পাইডার-ম্যান ভক্তদের জন্য এবার অপেক্ষা করছে একেবারেই ভিন্ন ধরনের সিনেমা দেখার অভিজ্ঞতা।