দেশের বিভিন্ন অঞ্চলে বন্যার কারণে চলমমান এইচএসসি পরীক্ষা স্থগিত রাখা এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে আজও আন্দোলনে নেমেছেন ২০২৬ সালের এইচএসসি পরিক্ষার্থীরা। তাদের দেওয়া কর্মসূচি ‘লং মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ শিক্ষা ভবন ও সচিবালয় ঘেরাও এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি ঘিরে শিক্ষা ভবন মোড়ে ব্যারিকেড দিয়ে সতর্ক অবস্থান নিয়েছে পুলিশ।
এ ছাড়া যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে জলকামান প্রস্তুত রাখা হয়েছে।
বুধবার (১৫ জুলাই) বিকেল ৩টায় শিক্ষা ভবন মোড়ে এমন দৃশ্য দেখা যায়। একইভাবে সচিবালয়ের চারপাশে নিরাপত্তা জোরদার করা হয়েছে। সচিবালয়ের প্রধান ফটক বন্ধ করে দেওয়া হয়েছে।
সেখানে বসানো হয়েছে কড়া প্রহরা। সচিবালয়ে আগত দর্শনার্থীদের প্রবেশ বন্ধ রাখা হয়েছে। নিয়োজিত রয়েছে অতিরিক্ত সংখ্যক নিরাপত্তাকর্মী। সচিবালয়ের ভেতরেও আইন-শৃঙ্খলা বাহিনীর টহল জোরদার করা হয়েছে।
সেখানে বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা সাদা পোশাকে কর্তব্য পালন করছেন।
জানা গেছে, দুপুর দেড়টা থেকে নিলক্ষেত মোড়, সায়েন্সল্যাব মোড়, মিরপুর-১০, উত্তরা বিএনএস সেন্টারসহ রাজধানীর বিভিন্ন এলাকায় শিক্ষার্থীদের সড়ক অবরোধ করে আন্দোলন করতে দেখা যায়।
শিক্ষামন্ত্রীর মোবাইল ফোনে কথোপকথনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। সেখানে মন্ত্রী পরীক্ষার্থীদের ‘ফার্মের মুরগি’ সম্বোধন করেছেন বলে অভিযোগ করা হয়। পাশাপাশি পদার্থবিজ্ঞান প্রথমপত্রে প্রশ্নপত্র ভুল থাকা নিয়েও বিতর্ক ওঠে।
এরপর তারা ৮ দফা দাবি নিয়ে মাঠে নামেন। পরে সেটা তিন দফা দাবিতে পরিণত হয়। তাতে বলা হয়, উপযোগী পরিবেশ না হওয়া পর্যন্ত এইচএসসি পরীক্ষা স্থগিত রাখতে হবে। পদার্থবিজ্ঞানের ভুল প্রশ্নে সম্পূর্ণ নম্বর দিতে হবে এবং শিক্ষামন্ত্রীকে ক্ষমা চাইতে হবে। শিক্ষার্থীদের তিন দফা দাবি বর্তমানে এক দফায় রূপ নিয়েছে। তাদের দাবি, শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করতে হবে।












