কুমিল্লাবৃহস্পতিবার, ১৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

এইচএসসি পরীক্ষা, প্রশ্নে ভুল নিয়ে সিদ্ধান্ত জানালেন মন্ত্রী

প্রতিবেদক
Cumilla Press
জুলাই ১৫, ২০২৬ ৪:৩৪ অপরাহ্ণ
Link Copied!

বৈরী আবহাওয়া ও অনিবার্য কারণে এইচএসসি ও সমমনা পরীক্ষা দিতে না পারা শিক্ষার্থীদের চট্টগ্রাম বোর্ডের সঙ্গে পরীক্ষা নেওয়া হবে। বিশেষ বিবেচনায় এই বিশেষ সুযোগ দেওয়া হচ্ছে।

আজ বুধবার চলমান এইচএসসি ও সমমান পরীক্ষা বিষয়ে জাতীয় সংসদে ৩০০ বিধিতে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন একটি বিবৃতিতে এ সিদ্ধান্তের কথা জানান।

পদার্থবিজ্ঞান প্রথমপত্র প্রশ্নে ভুল করা কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে বলে বিবৃতিতে জানিয়েছেন মন্ত্রী। ভুল প্রশ্নে পরীক্ষা দেওয়া পরীক্ষার্থীদের পূর্ণ নম্বর দেওয়া হবে বলে বিবৃতিতে বলা হয়েছে।

সংসদে দেওয়া বিবৃতিতে শিক্ষামন্ত্রী বলেন, চলমান এইচএসসি ও সমমান পরীক্ষায় দেশের ২ হাজার ৬৯৭টি কেন্দ্রে ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করছেন।

সম্প্রতি ভারি বর্ষণ ও বৈরী আবহাওয়ার কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনস্থ পাঁচ জেলায় (চট্টগ্রাম, কক্সবাজার, খাগড়াছড়ি, রাঙামাটি ও বান্দরবান) অনুষ্ঠিতব্য পরীক্ষা স্থগিত করা হয়। চট্টগ্রাম শিক্ষা বোর্ডের বাইরেও দেশের কিছু জেলায় বিচ্ছিন্নভাবে কিছু পরীক্ষার্থী বৈরী আবহাওয়া ও বহুবিধ কারণে নির্ধারিত পরীক্ষায় অংশগ্রহণ করতে পারেনি।

শিক্ষামন্ত্রী জানান, প্রতিকূল আবহাওয়া কিংবা সংশ্লিষ্ট অনিবার্য কারণে যারা চলমান এইচএসসি ও সমমান পরীক্ষা-২০২৬-এর কোনো বিষয়ে অংশগ্রহণ করতে পারেনি, তারা চট্টগ্রাম শিক্ষা বোর্ডের স্থগিত হওয়া সংশ্লিষ্ট বিষয়ের অভিন্ন পরীক্ষাপত্রে একই তারিখে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে।

এইচএসসি পরীক্ষা শিক্ষার্থীদের জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ ধাপ, তাই বিশেষ বিবেচনায় এই বিশেষ সুযোগ প্রদান করা হলো বলে জানান শিক্ষামন্ত্রী।

বিবৃতিতে তিনি আরো বলেন, পদার্থবিজ্ঞান প্রথমপত্রের ভুল প্রশ্নপত্র প্রণয়নে দায়ী ব্যক্তিদের ইতিমধ্যে সাময়িক বরখাস্ত করা হয়েছে। আমি আবারও আশ্বস্ত করছি পদার্থবিজ্ঞান প্রথমপত্র ৬ ও ৭ নম্বর প্রশ্নে যে ভুল হয়েছে, তার জন্য পরীক্ষার্থীদের পূর্ণ নম্বর দেওয়া হবে।