কুমিল্লার মেঘনা উপজেলায় মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় মাদক, কিশোর গ্যাং, চুরি, সন্ত্রাস ও চাঁদাবাজি দমনে প্রশাসনের কঠোর পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।
বুধবার (২০ মে) মেঘনা উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা-১ আসনের সংসদ সদস্য ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সিনিয়র সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ড. খন্দকার মোশাররফ হোসেন।
তিনি বক্তব্যে বলেন, সমাজে অপরাধ প্রবণতা নিয়ন্ত্রণে প্রশাসনের পাশাপাশি সাধারণ জনগণের অংশগ্রহণ ও সামাজিক সচেতনতা বৃদ্ধি জরুরি। বিশেষ করে মাদক ও কিশোর অপরাধ দমনে সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্ব দেন তিনি।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী ড. খন্দকার মারুফ হোসেন।
সভায় উপজেলা প্রশাসনের কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, জনপ্রতিনিধি ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।












