জহিরুল ইসলাম আজিম
রত্নগর্ভা মা ফিরোজা আহমেদ। তার সন্তান জিয়াউল ফারুক অপূর্ব দেশের অন্যতম সফল অভিনেতা। নাটকের অঘোষিত রাজা। আজ ফিরোজা আহমেদের জন্মদিন। বিশেষ দিনে তাকে ভালোবাসাময় শুভেচ্ছা জানালেন পুত্র অপূর্ব।
বিজ্ঞাপনমায়ের সঙ্গে একটি ছবি পোস্ট করেছেন অভিনেতা। সঙ্গে লিখেছেন, ‘ছোটবেলা থেকে আজ অব্দি, আমার জীবনের প্রতিটি পদক্ষেপে তোমার আঁচল আমায় ছায়ার মতো আগলে রেখেছে। আমার না বলা কথাগুলো চোখের পলকেই বুঝে ফেলা, আমার একটুখানি কষ্টে তোমার বুক ফেটে যাওয়া, তোমার এই নিঃস্বার্থ ভালোবাসার ঋণ শোধ করার সাধ্য কার আছে? আমি আজ যা কিছু হয়েছি, যতদূর আসতে পেরেছি, তার পেছনের মূল শক্তি কেবল তোমার দু’আ আর আশীর্বাদ।’
সৃষ্টিকর্তার কাছে মায়ের জন্য দোয়া চেয়ে অপূর্ব লিখেছেন, ‘তুমি হাসলে আমার পৃথিবী আলোয় ভরে যায়। আল্লাহর কাছে একটাই প্রার্থনা, তিনি যেন তোমাকে সবসময় সুস্থ রাখেন, দীর্ঘায়ু করেন এবং তোমার মুখের এই সুন্দর হাসিটি চিরকাল বজায় রাখেন।’
সবশেষে মাকে শুভেচ্ছা জানিয়ে অভিনেতা লেখেন, ‘পৃথিবীর সব সুখ আর ভালোলাগার অধিকারী হও তুমি আম্মু। আমার জীবনের সেরা উপহার তুমি। শুভ জন্মদিন!’
অভিনেতার পোস্টে ভক্ত-অনুসারীরাও তার মাকে শুভেচ্ছা ও শ্রদ্ধা জানাচ্ছেন।
প্রসঙ্গত, অপূর্বর বাবা ওমর ফারুক ছিলেন সরকারি কর্মকর্তা, মা ফিরোজা আহমেদ শিক্ষক। পরিবারে সাংস্কৃতিক পরিবেশটা পেয়েছিলেন ছোটবেলাতেই। সেই চর্চাই তার অভিনয়ের পথ সুগম করেছিল।










