কুমিল্লাসোমবার, ২১শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

মজুরির টাকা চাওয়ায় মা ও তিন ছেলেকে কুপিয়ে জখম

প্রতিবেদক
Cumilla Press
সেপ্টেম্বর ২১, ২০২৬ ৭:৫৫ অপরাহ্ণ
Link Copied!

পটুয়াখালীর বাউফলে পাওনা ৬০০ টাকা মজুরি চাওয়াকে কেন্দ্র করে এক নারী ও তার তিন ছেলেকে মারধর ও কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আহত চারজনকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সোমবার (২১ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে উপজেলার সূর্যমনি ইউনিয়নের গোয়ালিয়া বাঘা গ্রামের ১ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন—গোয়ালিয়া বাঘা গ্রামের একই পরিবারের জহিরুল (৩৫), রেজাউল (৩০), খায়রুল (২৭) ও তাদের মা মনোয়ারা বেগম (৫৫)।

স্থানীয় ও আহতদের পরিবারের সূত্রে জানা যায়, কয়েকদিন আগে একই গ্রামের রাসেল মৃধার জমিতে ৬০০ টাকা মজুরিতে কাজ করেন জহিরুল। কাজ শেষে পাওনা মজুরি চাইলে টাকা দেওয়া নিয়ে রাসেল মৃধার সঙ্গে তার কথা-কাটাকাটি হয়।

এর জেরে সোমবার সকালে রাসেল মৃধার নেতৃত্বে ২০-২৫ জন লোক দেশীয় অস্ত্র নিয়ে জহিরুলদের বাড়িতে গিয়ে হামলা চালান বলে অভিযোগ পরিবারের।

এ সময় জহিরুলকে মারধরের পাশাপাশি ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করা হয়। তাকে রক্ষা করতে তার মা মনোয়ারা বেগম এবং দুই ভাই রেজাউল ও খায়রুল এগিয়ে এলে তাদের ওপরও হামলা চালানো হয় বলে অভিযোগ করা হয়েছে।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর চারজনকেই উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়

বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মামুনুর রশিদ বলেন, আহত চারজনের শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখমের চিহ্ন রয়েছে। প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাদের উন্নত চিকিৎসার জন্য বরিশালে পাঠানো হয়েছে।

অভিযোগের বিষয়ে তাৎক্ষণিকভাবে রাসেল মৃধার কোনো বক্তব্য পাওয়া যায়নি।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল ও স্বাস্থ্য কমপ্লেক্সে পুলিশ পাঠানো হয়েছে। আমাদের কাছে লিখিত অভিযোগ দিলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।