আব্দুল্লাহ, কুবি প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক মো. মুর্শেদ রায়হানের বিরুদ্ধে একটি কোর্সে নম্বর কম দেয়ার অভিযোগ প্রমাণিত হওয়ায় ফের পরীক্ষা নেওয়ার নির্দেশ দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। তবে সেই পরীক্ষা দিতে চাচ্ছেন না শিক্ষার্থীরা। মঙ্গলবার (১৭ জানুয়ারী) এ দাবিতে পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরে চিঠি জমা দিয়েছেন তাঁরা। বিষয়টি নিশ্চিত করেছেন পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরের প্রধান মোহাম্মদ নুরুল করিম চৌধুরী
চিঠিতে শিক্ষার্থীরা বলেন, আমরা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। ৬ বছরের অধিক সময় অতিবাহিত হওয়া সত্ত্বেও আমরা স্নাতক চূড়ান্ত ফলাফল এখনো পর্যন্ত পাইনি। এমনকি ৮ম সেমিস্টারের পরীক্ষা দেওয়ার ৪ মাস অতিবাহিত হয়েছে। যার ফলে আমরা চলমান বিভিন্ন নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করতে পারছি না। এছাড়া ৮ম সেমিস্টারের “ARC-423” কোর্সের দ্বিতীয় মিডটার্মের খাতায় মূল্যায়নে অসঙ্গতি থাকায় প্রশাসন কর্তৃক সেই খাতা পুনঃমূল্যায়ন করে এবং অসঙ্গতি প্রমাণিত হয়। এমনকি পরীক্ষাটিও পুনরায় অংশগ্রহণের জন্য বলা হয়। কিন্তু বেশ কয়েকজন শিক্ষার্থী স্নাতকোত্তর কার্যক্রমে অংশগ্রহণ করছে না বিধায় এই মিডটার্মটি সবার পক্ষে পুনরায় অংশগ্রহণ করা সম্ভব হচ্ছে না। এছাড়া উক্ত মিডটার্মটি পুনরায় নিলে চূড়ান্ত ফলাফল পেতে বিলম্ব হওয়ার আশঙ্কা করছি।
চিঠির বিষয়ে জানতে চাইলে পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ নুরুল করিম চৌধুরী বলেন, আমি কালকে চিঠি পেয়েছি। কালকে সকালে ভিসি স্যারের সাথে এই ব্যাপারে কথা হয়েছে। স্টুডেন্টদের ব্যাপারে কী সিদ্ধান্ত নেওয়া হবে এই দায়িত্ব বিভাগীয় প্রাধানের কাছে দেওয়া হয়েছে।
প্রত্নতত্ত্ব বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক সোহরাব উদ্দিন বলেন, ভিসি স্যারের সাথে কথা হয়েছে। আমরা এই বিষয়ে মিটিং করে সিদ্ধান্ত নিবো যে কি করা যায়।
এর আগে ১০ জানুয়ারি (মঙ্গলবার) ‘কুবি শিক্ষকের বিরুদ্ধে নম্বর কম দেওয়ার অভিযোগ প্রমাণিত’ এই শিরোনামে দেশের বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হওয়ার পর শিক্ষার্থীদের মাঝে ও বিশ্ববিদ্যালয় জুড়ে সমালোচনার ঝড় উঠে।












