জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) টিএসসির নারী শিক্ষার্থীদের ওয়াশরুমে প্রবেশ করে গোপনে ভিডিও ধারণের অভিযোগে এক বহিরাগত যুবককে আটক করেছেন শিক্ষার্থীরা। পরে তাকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের মাধ্যমে আশুলিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
সোমবার (২৯ জুন) রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।
আটক যুবকের নাম রিয়াজ আহমেদ (রাজ)। তিনি কেরানীগঞ্জের বাসিন্দা এবং একটি বেসরকারি প্রতিষ্ঠানে ব্রাঞ্চ ম্যানেজার পদে আছেন বলে জানিয়েছেন।
ভুক্তভোগীর সহপাঠী ও অভিযোগপত্র সূত্রে জানা যায়, অভিযুক্ত রিয়াজ টিএসসির নারী ওয়াশরুমে প্রবেশ করলে এক নারী শিক্ষার্থী তাকে দেখে ফেলেন। সেখানে প্রবেশের কারণ জানতে চাইলে তিনি কোনো সন্তোষজনক জবাব দিতে পারেননি। পরে ওই শিক্ষার্থী বাইরে থাকা অন্য সহপাঠীদের বিষয়টি জানালে তারা এসে রিয়াজকে আটক করেন। এ সময় তার মোবাইল ফোন পরীক্ষা করে নারী শিক্ষার্থীদের গোপনে ধারণ করা একাধিক ভিডিও এবং এ ধরনের ভিডিও আদান-প্রদানকারী বেশ কয়েকটি টেলিগ্রাম চ্যানেলের সন্ধান পাওয়া যায়।
ঘটনার খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা শাখা ও প্রক্টোরিয়াল টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আশুলিয়া থানা পুলিশকে খবর দেয়। পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক প্রক্রিয়া শেষে অভিযুক্তকে পুলিশের কাছে সোপর্দ করা হয়।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক রাশিদুল আলম ঘটনাটিকে অত্যন্ত ন্যাক্কারজনক আখ্যা দিয়ে জানান, বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বাদী হয়ে অভিযুক্তের বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এদিকে ঘটনার পর জাকসু সমাজসেবা সম্পাদক ভুক্তভোগীসহ থানায় গিয়ে মামলা রুজু করেন। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, আমরা দায়িত্ব নেওয়ার পর থেকেই টিএসসির ওয়াশরুমগুলো সংস্কারের দাবি জানিয়ে আসছি। কিন্তু প্রশাসন ফান্ড সংকটের অজুহাতে তা করেনি, যার ফলে মেয়েদের নিরাপত্তা আজ হুমকিতে। আশা করি নতুন প্রো-ভিসি (প্রশাসন) স্যার দ্রুত এগুলো সংস্কার করবেন। এছাড়া ক্যাম্পাসে ইদানীং বহিরাগতদের আনাগোনা আবার বেড়েছে, তাই নিরাপত্তা শাখার আরও তৎপর হওয়া জরুরি।
আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই তদন্ত) মো. আজগর আলী বলেন, অভিযুক্তের বিরুদ্ধে আশুলিয়া থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। মামলা পরবর্তী তদন্ত সাপেক্ষে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।












