কুমিল্লামঙ্গলবার, ১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

জনগণকে অনলাইনভিত্তিক ভূমিসেবা গ্রহণে আরও সচেতন হতে হবে: চাঁদপুর ডিসি

প্রতিবেদক
Cumilla Press
মে ১৯, ২০২৬ ৮:২৪ অপরাহ্ণ
Link Copied!

জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা, সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ এই প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁদপুরে শুরু হয়েছে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা-২০২৬। মঙ্গলবার (১৯ মে) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য র‍্যালির মধ্য দিয়ে মেলার শুভ উদ্বোধন করা হয়। র‍্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে চাঁদপুর সদর উপজেলা অডিটোরিয়ামে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্যে চাঁদপুর জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান বলেন, আমরা ভাই-বোন, আত্মীয়-স্বজন সবাই মিলেমিশে থাকবো। আমরা নিজেরাও ঠকব না, অন্য কাউকেও ঠকাব না। তিনি বলেন, ভূমিসেবা এখন মানুষের দোরগোড়ায় পৌঁছে গেছে। ডিজিটাল ব্যবস্থাপনার মাধ্যমে ভূমি সংক্রান্ত হয়রানি কমিয়ে দ্রুত ও স্বচ্ছ সেবা নিশ্চিত করতে সরকার নিরলসভাবে কাজ করছে। জনগণকে অনলাইনভিত্তিক ভূমিসেবা গ্রহণে আরও সচেতন হতে হবে।

অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) একরামুল হক সিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নাদিরা নূর, উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম এন জামিউল হিকমা এবং চাঁদপুর প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী। চাঁদপুর প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী বলেন, অনলাইন সেবা চালুর পর আমরা চব্বিশ ঘণ্টা সেবা পাচ্ছি। এটি সত্যিই আনন্দের। কারণ এতে সময় বাঁচছে, খরচ কমছে, হয়রানি হচ্ছে না এবং মানুষ ক্ষতিগ্রস্তও হচ্ছে না। তিনি বর্তমান সরকারের ভূমিসেবা ডিজিটালাইজেশনের বিভিন্ন দিক তুলে ধরে বলেন, প্রযুক্তিনির্ভর ভূমি ব্যবস্থাপনার ফলে সাধারণ মানুষ এখন দ্রুত ও স্বল্প সময়ে প্রয়োজনীয় সেবা পাচ্ছে।

চাঁদপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এসিল্যান্ড বাপ্পী দত্ত রনির সঞ্চালনায় অনুষ্ঠানে জেলা প্রশাসনের কর্মকর্তা, ভূমি অফিসের প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।মেলায় আগত সেবাগ্রহীতারা বিভিন্ন স্টল ঘুরে ভূমি সংক্রান্ত সমস্যার সমাধান, তথ্য ও প্রয়োজনীয় পরামর্শ গ্রহণ করছেন। ১৯ মে থেকে ২১ মে পর্যন্ত চলমান এ মেলায় ভূমি সংক্রান্ত বিভিন্ন সেবা, তথ্য ও পরামর্শ প্রদান করা হচ্ছে।

মেলায় ১১টি ভূমিসেবা বিষয়ক স্টল স্থাপন করা হয়েছে। এসব স্টলের মাধ্যমে সাধারণ জনগণকে নামজারি, খতিয়ান, ভূমি উন্নয়ন কর, ই-নামজারি, অনলাইন ভূমিসেবা গ্রহণসহ ভূমি ব্যবস্থাপনা সংক্রান্ত বিভিন্ন তথ্য ও সেবা প্রদান করা হচ্ছে।আয়োজকরা জানান, জনগণের দোরগোড়ায় সহজ, স্বচ্ছ ও দ্রুত ভূমিসেবা পৌঁছে দিতে এবং ভূমি ব্যবস্থাপনাকে আরও আধুনিক ও ডিজিটাল সেবার আওতায় আনতেই এ মেলার আয়োজন করা হয়েছে। তারা আশা প্রকাশ করেন, এ ধরনের আয়োজন জনগণের মধ্যে ভূমিসেবা বিষয়ে সচেতনতা বৃদ্ধি করবে এবং ভূমি সংক্রান্ত সেবা গ্রহণ আরও সহজ করবে। উল্লেখ্য, মঙ্গলবার সকালে সারাদেশে একযোগে ভার্চুয়ালি ভূমিসেবা মেলা-২০২৬ এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।