সামাজিক যোগাযোগমাধ্যমে আকর্ষণীয় বিজ্ঞাপন দিয়ে বিদেশে উচ্চ বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে প্রতারণার অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
গ্রেপ্তাররা হলেন নুসরাত জাহান (২৮) ও মো. সোহান (২৪)। সোমবার (১১ মে) রাতে রাজধানীর মিরপুর এলাকায় অভিযান চালিয়ে র্যাব-৪ তাদের আটক করে।
র্যাব জানায়, অভিযুক্তরা ‘বিএফসি গ্লোবাল কনসালটেন্সি’ নামে একটি অফিস খুলে ফেসবুকে বিজ্ঞাপন দিয়ে অস্ট্রেলিয়া, ইতালি, কুয়েত ও সার্বিয়াসহ বিভিন্ন দেশে উচ্চ বেতনে চাকরির প্রলোভন দেখাত। আগ্রহীদের কাছ থেকে দেশভেদে ৬ লাখ থেকে ২০ লাখ টাকা পর্যন্ত নেওয়া হতো।
ভুক্তভোগীরা কয়েকটি বেসরকারি ব্যাংক অ্যাকাউন্টে মোট সাড়ে তিন কোটি টাকা জমা দেন এবং তিন মাসের মধ্যে বিদেশে পাঠানোর আশ্বাস পান। তবে টাকা নেওয়ার এক মাস পর তাদের ভুয়া ভিসা ও টিকিটের কপি দেওয়া হয়। পরে ফ্লাইটের আগমুহূর্তে নানা অজুহাতে টিকিট বাতিলের কথা জানিয়ে অভিযুক্তরা আত্মগোপনে চলে যায়।
এ ঘটনায় পল্লবী থানায় মামলা হওয়ার পর র্যাব প্রযুক্তিগত সহায়তায় তদন্ত চালিয়ে তাদের গ্রেপ্তার করে। সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের মাধ্যমে তাদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলছে।












