কুমিল্লাবৃহস্পতিবার, ২১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

কুমিল্লা সদর দক্ষিণের কৃষ্ণনগরে ঈদুল আজহা উপলক্ষে দুই দিনব্যাপী বিশাল গরু-ছাগলের হাট

প্রতিবেদক
Cumilla Press
মে ২১, ২০২৬ ৮:১৯ অপরাহ্ণ
Link Copied!

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার গলিয়ারা দক্ষিণ ইউনিয়নের ৬নং ওয়ার্ডের কৃষ্ণনগরে দুই দিনব্যাপী বিশাল গরু-ছাগলের হাটের আয়োজন করা হয়েছে। কৃষ্ণনগর তা’লিমুল কুরআন মাদ্রাসার উদ্যোগে আগামী ২৩ মে (শনিবার) ও ২৬ মে (মঙ্গলবার) এ হাট অনুষ্ঠিত হবে।

হাটটি কৃষ্ণনগর রাস্তার মাথায় অনুষ্ঠিত হবে বলে আয়োজকরা জানিয়েছেন। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, এ হাটের অন্যতম বিশেষ দিক হচ্ছে হাসিল বা খাজনা আদায়ে কোনো নির্ধারিত শতকরা হার রাখা হয়নি। ক্রেতা ও বিক্রেতারা নিজেদের ইচ্ছা অনুযায়ী হাসিল প্রদান করতে পারবেন।

এছাড়া গরুর হাট থেকে আদায় করা সম্পূর্ণ হাসিল ও খাজনার অর্থ এতিমখানার সার্বিক উন্নয়ন কাজে ব্যয় করা হবে বলেও জানানো হয়েছে।

হাটে দূর-দূরান্ত থেকে আগত গরু ব্যবসায়ী, ব্যাপারী ও ক্রেতাদের জন্য সার্বক্ষণিক নিরাপত্তা ব্যবস্থা রাখা হবে। পাশাপাশি গরু বাঁধার জন্য খুঁটি ও বাঁশ, রাতের বেলায় কেনাবেচার সুবিধার্থে পর্যাপ্ত লাইটিংসহ বিভিন্ন ধরনের সুযোগ-সুবিধা নিশ্চিত করবে হাট কমিটি।

হাটে যাতায়াতের জন্য বিভিন্ন রুটও উল্লেখ করেছেন আয়োজকরা। কুমিল্লা চকবাজার পৌরসভা মার্কেট, চৌয়ারা ও সুয়াগাজী এলাকা থেকে সিএনজিযোগে কনেশতলা বাজার হয়ে সহজেই কৃষ্ণনগর গরুর হাটে যাওয়া যাবে।

আয়োজক কমিটির পক্ষ থেকে ক্রেতা, বিক্রেতা ও ব্যাপারীদের হাটে অংশগ্রহণের জন্য আন্তরিক আমন্ত্রণ জানানো হয়েছে।