চলতি বছরে কুমিল্লায় সিমরানসহ এ পর্যন্ত ১১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে মৃত্যু হয়েছে এক জনের।
কুমিল্লায় হামের উপসর্গ নিয়ে ছয় মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের হাম আইসোলেশন ইউনিটে এ শিশুটি মারা যায় বলে রোববার সকালে জানিয়েছেন জেলা সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার পিয়াস আহমেদ।
ছয় মাস বয়সী সিমরান নগরীর নুরপুর এলাকার শিমুলের মেয়ে।
পিয়াস বলেন, চলতি বছরে কুমিল্লায় সিমরানসহ এ পর্যন্ত ১১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে মৃত্যু হয়েছে এক জনের এবং বাকিদের হাম সন্দেহে মৃত্যু হয়েছে।
হাসপাতালের শিশু বিভাগের প্রধান অধ্যাপক মিয়া মনজুর আহমেদ বলেন, ছয় মাস বয়সী শিশুটি জ্বর ও শ্বাসকষ্টসহ হাম উপসর্গের পাশাপাশি নিমোনিয়াতেও আক্রান্ত ছিল। সংকটাপন্ন অবস্থায় তাকে বৃহস্পতিবার বিকাল ৫টা ৫৫ মিনিটে হাসপাতালে ভর্তি করা হয়। পরদিন সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা যায়।
হাম উপসর্গ থাকলেও নিমোনিয়ার কারণে শিশুটি মৃত্যুবরণ করে জানিয়ে তিনি আরো বলেন, শিশুদের ক্ষেত্রে হাম আক্রান্ত হলে তার রোগ প্রতিরোধ ক্ষমতা ক্রমান্বয়ে হ্রাস পেতে থাকে। এক্ষেত্রে অন্যান্য জীবানু দ্বারা ওই শিশুটি আক্রান্ত হওয়ার শঙ্কাও থাকে।
তাই কোনো শিশুর জ্বর, কাশি, সর্দি দেখা দিলে তাৎক্ষণিক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বা নিকটস্থ সরকারি হাসপাতালে নেয়ার পরামর্শ দেন তিনি।
একইসাথে শিশুদের সুষম পুষ্টিকর খাবার দেওয়ার বিষয়ে জোর দেন তিনি।












