কুমিল্লাশনিবার, ৩রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

কুমিল্লায় মিশুক নিয়ে বের হয়ে নিখোঁজ চালক রবি, সন্ধান চেয়ে পরিবারের আকুতি।

প্রতিবেদক
Cumilla Press
অক্টোবর ৩, ২০২৬ ১:১৮ অপরাহ্ণ
Link Copied!

মো: জহিরুল ইসলাম খান

কুমিল্লায় মিশুক নিয়ে বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ হয়েছেন মো. রবি (নাম অনুযায়ী)। গত বৃহস্পতিবার সকালে মিশুক নিয়ে বের হওয়ার পর থেকে তাঁর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করেছে পরিবার। নিখোঁজ চালকের সন্ধানে কাজ শুরু করেছে পুলিশ।

নিখোঁজ রবি কুমিল্লার বালুতুপা, চাপাপুর এলাকার বাসিন্দা। তিনি মৃত আহাদ মিয়া ও জাহানারা বেগমের ছেলে। পেশায় একজন মিশুকচালক রবি প্রতিদিনের মতো গত বৃহস্পতিবার সকালে মিশুক নিয়ে বাড়ি থেকে বের হন। তবে নির্ধারিত সময় পেরিয়ে গেলেও বাড়িতে না ফেরায় উদ্বিগ্ন হয়ে পড়েন পরিবারের সদস্যরা।

রবির মা জাহানারা বেগম জানান, ঘটনার দিন যথাসময়ে ছেলে বাড়িতে না ফেরায় তাঁর মোবাইল ফোনে একাধিকবার কল দেন। কিন্তু ফোনটি বন্ধ পান তিনি। পরে আত্মীয়স্বজনসহ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও ছেলের কোনো সন্ধান পাননি।

একপর্যায়ে মিশুকের মালিকের সঙ্গে যোগাযোগ করেন তিনি। তখন মালিক জানান, রবি এখনো মিশুকটি গ্যারেজে জমা দেননি। এতে আরও দুশ্চিন্তায় পড়ে পরিবার।

পরিবারের ভাষ্য অনুযায়ী, নিখোঁজ হওয়ার দিন সকাল ১১টার দিকে রবিকে তাঁর বন্ধু অপুর সঙ্গে গুধিরপুকুর পাড় এলাকার একটি দোকানে ভাত খেতে দেখা যায়। তবে এরপর থেকে অপুর সঙ্গেও কোনো যোগাযোগ হয়নি বলে জানান রবির মা।

এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে, নিখোঁজ রবির মোবাইল ফোনটি বন্ধ রয়েছে। তাঁর মোবাইলের সর্বশেষ অবস্থান বা লোকেশন শনাক্ত করে প্রয়োজনীয় অনুসন্ধান কার্যক্রম শুরু করেছে পুলিশ।

এদিকে, পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তির নিখোঁজ হওয়ার ঘটনায় চরম উৎকণ্ঠায় রয়েছেন স্বজনরা। প্রিয়জনের ফিরে আসার অপেক্ষায় দিন কাটছে তাঁদের। রবির সন্ধান পেতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সবার সহযোগিতা কামনা করেছে পরিবার।

নিখোঁজ রবির সন্ধান পেলে নিকটস্থ থানায় অথবা তাঁর পরিবারের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।