মো: জহিরুল ইসলাম খান,
কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লা নগরীর চকবাজার পুলিশ ফাঁড়ির বিশেষ অভিযানে ৪ কেজি ৬০০ গ্রাম গাঁজাসহ পারভীন আক্তার (৩২) নামে এক নারীকে আটক করেছে পুলিশ। আটক পারভীন আক্তার কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার শ্রীবল্লভপুর এলাকার আলামিনের বাড়ির তোতা মিয়া ও রেহেনা বেগমের মেয়ে। পুলিশ সূত্রে জানা যায়, কুমিল্লা কোতোয়ালি মডেল থানাধীন চকবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ (আইসি) তাপস চন্দ্র রায় ও এএসআই মেজবাহ উদ্দিনসহ সঙ্গীয় ফোর্স বিশেষ অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, বিবিরবাজার এলাকা থেকে এক ব্যক্তি গাঁজা বহন করে বালুতুপার দিকে আসছেন। পরে বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাকে অবহিত করে সংবাদের সত্যতা যাচাই ও অভিযান পরিচালনার জন্য পুলিশ সদস্যরা ঘটনাস্থলে যান। বেলা ১২টা ১০ মিনিটের দিকে কোতোয়ালি মডেল থানাধীন বাজগড্ডা বাজারের ভাই ভাই সেলুনের সামনে চকবাজার-বিবিরবাজারগামী পাকা সড়কে অভিযান চালিয়ে পারভীন আক্তারকে আটক করা হয়। এ সময় তাঁর বহন করা একটি কালো রঙের স্কুল ব্যাগ তল্লাশি করে কালো ও খাকি রঙের কসটেপ দিয়ে মোড়ানো দুটি পুঁটলি থেকে ৪ কেজি ৬০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পরে উদ্ধার করা মাদকদ্রব্য জব্দ করে পুলিশ। চকবাজার ফাড়ির আইসি জানান, এ ঘটনায় আটক নারীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানা গেছে। কুমিল্লা চকবাজার পুলিশ ফাঁড়ির পক্ষ থেকে মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে।












