মো: জহিরুল ইসলাম আজিম
দেশের প্রতিটি খাতে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানো হবে বলে জানিয়েছেন কৃষি ও মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ ইয়াছিন। তিনি বলেন, কৃষি থেকে শুরু করে তথ্যপ্রযুক্তি—সব ক্ষেত্রেই আধুনিকায়নকে গুরুত্ব দিচ্ছে সরকার। তরুণদের দক্ষতা উন্নয়ন ও উদ্ভাবনী প্রকল্প বাস্তবায়নে সরকার সর্বোচ্চ ২০ লাখ টাকা পর্যন্ত সহযোগিতা করবে।
শনিবার (৭ নভেম্বর) কুমিল্লা পুলিশ লাইন কনভেনশন হলে কুমিল্লা আইটি ইনস্টিটিউটের পঞ্চম বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত ‘উড়ান-৬’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, কুমিল্লা আইটি ইনস্টিটিউট গত পাঁচ বছর ধরে দক্ষ মানবসম্পদ তৈরিতে কাজ করছে। এখানকার অনেক মেধাবী শিক্ষার্থী প্রযুক্তি খাতে অবদান রাখছেন। বিশ্ববাজারে আইটি খাতে রপ্তানির ব্যাপক সম্ভাবনা রয়েছে। তরুণদের এ সুযোগ কাজে লাগাতে হবে। সততা ও দক্ষতার সঙ্গে কাজ করে দেশের অর্থনীতিতে অবদান রাখার আহ্বান জানান তিনি।
কৃষি খাতের আধুনিকায়নের বিষয়ে মন্ত্রী বলেন, উৎপাদন ও চাহিদার মধ্যে সমন্বয় না থাকায় কৃষক অনেক সময় ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হন। কৃষক, বাজার ও সরকারের কাছে উৎপাদন এবং চাহিদার সঠিক তথ্য থাকা প্রয়োজন। এ জন্য কৃষি খাতে প্রযুক্তির ব্যবহার বাড়ানো হবে।
তিনি আরও বলেন, পেঁয়াজ সংরক্ষণের জন্য দেশে স্টোরেজ ব্যবস্থা গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতে আমদানিনির্ভরতা কমিয়ে কৃষিপণ্য রপ্তানিতে বাংলাদেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন তিনি।
কিশোর গ্যাং প্রসঙ্গে মন্ত্রী বলেন, সমাজে ভালো মানুষের সংখ্যাই বেশি। কিন্তু ভালো মানুষ ও তাদের ইতিবাচক কর্মকাণ্ড সামনে না আসায় নেতিবাচক ঘটনাগুলো বেশি আলোচনায় আসে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কুমিল্লা আইটি ইনস্টিটিউটের চেয়ারম্যান অ্যাডভোকেট মো. হোসেন মিয়া, কুমিল্লা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সজীব তালুকদার, কুমিল্লা মডার্ন স্কুলের এডহক কমিটির সভাপতি নিজাম উদ্দিন কায়সার, বিএনপি নেতা অ্যাডভোকেট আলী আক্কাস, কুমিল্লা মহানগর বিএনপির সহসভাপতি আব্দুল জলিলসহ আমন্ত্রিত অতিথিরা।
অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের মধ্যে সার্টিফিকেট ও সম্মাননা স্মারক বিতরণ করা হয়। পরে কেক কেটে প্রতিষ্ঠানের পঞ্চম বর্ষপূর্তি উদযাপন করা হয়












