ঈদের আনন্দ পরিবার-প্রিয়জনের সঙ্গে ভাগাভাগি করতে রাজধানী ছাড়তে শুরু করেছেন ঘরমুখো মানুষ। ঈদযাত্রার দ্বিতীয় দিনে রোববার (২৪ মে) সকাল থেকেই কমলাপুর রেলওয়ে স্টেশনে ছিল যাত্রীদের ভিড়। তবে অন্যবারের মতো এবার এখনও পর্যন্ত দেখা যায়নি হুড়োহুড়ি কিংবা বিশৃঙ্খলা। সরকারি ছুটি শুরু হওয়ার আগেই ভোগান্তি এড়াতে আগেভাগে বাড়ি ফিরছেন অনেকে।
এরইমধ্যে সকাল থেকে দেশের বিভিন্ন গন্তব্যে ছেড়ে গেছে অন্তত ৬টি ট্রেন। নির্ধারিত সময়ের কাছাকাছিই চলাচল করছে বেশিরভাগ ট্রেন। যাত্রীরা বলছেন, স্বস্তিতেই বাড়ির পথে রওনা হয়েছেন তারা।
ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে নেয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। স্টেশনের প্রতিটি প্ল্যাটফর্মে মোতায়েন রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। ছাদে যাত্রা ঠেকানোসহ যাত্রী নিরাপত্তায় নজরদারি বাড়ানো হয়েছে।
এদিকে, রেলমন্ত্রী শেখ রবিউল আলম বলেন, আগামীকাল থেকে ৫ জোড়া বিশেষ ট্রেন, অর্থাৎ অতিরিক্ত ১০টি ট্রেন চলাচল করবে। এতে যাত্রীদের যাতায়াত আরও স্বস্তিদায়ক ও নির্বিঘ্ন হবে বলে আশা করছি।
তিনি আরও বলেন, আজ দুটি ট্রেনে উঠে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেছি। সামগ্রিক ব্যবস্থাপনা ভালো মনে হয়েছে। তবে সকাল থেকে তিনটি ট্রেন কিছুটা বিলম্বে ছেড়েছে। এর মধ্যে একটি প্রায় ৩০ মিনিট এবং আরেকটি প্রায় এক ঘণ্টা দেরি করেছে। আজকের মধ্যেই এসব সমস্যার সমাধানের চেষ্টা করা হচ্ছে।












