ডিউটি শেষ করে প্রতিদিনের মতো পায়ে হেঁটে বাসায় ফিরছিলেন এক নারী পুলিশ সদস্য। পথও খুব বেশি নয়, থানার কাছেই তার বাসা। কিন্তু বাসার কাছাকাছি পৌঁছাতেই ঘটে বিপত্তি। আগে থেকে ওঁৎ পেতে থাকা এক যুবক হঠাৎ তার পথ আটকে মুখ চেপে ধরে বলে অভিযোগ ওই পুলিশ সদস্যের! এ সময় রাস্তার পাশে মোটরসাইকেল নিয়ে আরেক যুবক অপেক্ষায় ছিল বলেও জানান তিনি।
হঠাৎ এমন ঘটনায় প্রথমে কিছু বুঝে উঠতে না পারলেও নিজেকে সামলে চিৎকার ও চেঁচামেচি শুরু করেন ওই নারী পুলিশ সদস্য। তার চিৎকার শুনে দ্রুত মোটরসাইকেল নিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় দুই যুবক।
মঙ্গলবার (১০ নভেম্বর) রাত ৮টার দিকে মৌলভীবাজারের সীমান্তবর্তী উপজেলা জুড়ীর হরিরামপুর এলাকায় এ ঘটনা ঘটে।
জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, ওই নারী পুলিশ সদস্য জুড়ী থানায় কনস্টেবল পদে কর্মরত। তার স্বামীও একই থানায় কর্মরত রয়েছেন।
ওসি জানান, রাত ৮টার দিকে হরিরামপুর এলাকায় পশ্চিম জুড়ী ইউনিয়ন পরিষদ ভবনের কাছাকাছি পৌঁছালে এই ঘটনা ঘটে। তবে ওই নারী পুলিশ সদস্যের চিৎকার-চেঁচামেচিতে তাদের পরিকল্পনা ভেস্তে যায়।
এ ঘটনায় জড়িতদের শনাক্ত করতে পুলিশ তদন্ত করছে বলে জানিয়েছেন ওসি।












