ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার জাগরঝুলি এলাকায় বাসের ধাক্কায় গুরুতর আহত হওয়ার প্রায় তিন বছর পর চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) পরিসংখ্যান বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ।
সোমবার (৯ নভেম্বর) ভোর ৫টার দিকে চট্টগ্রাম ন্যাশনাল হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় তার মৃত্যু হয়।
জানা যায়, ২০২৩ সালের ৯ নভেম্বর সকাল ৯টার দিকে টিউশনে যাওয়ার পথে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার জাগরঝুলি এলাকায় দুর্ঘটনার শিকার হন ইরফানুল্লাহ। এ সময় ঢাকাগামী একটি তিশা বাস পেছন থেকে তাকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। পরে তাকে ঢাকার মাতুয়াইলের এসএমসি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়।
ইরফানুল্লাহর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার ভাই মহিবুল্লাহ। তিনি বলেন, ‘‘আজ ফজরের পর আমার ভাই মারা গেছে। সকলের কাছে ভাইয়ের জন্য দোয়া চাই। ওর কোনো আচরণে কষ্ট পেয়ে থাকলে ওকে ক্ষমা করে দেবেন।’’
তিনি আরও জানান, ইরফানুল্লাহর দুটি জানাজা অনুষ্ঠিত হবে। সোমবার জোহরের নামাজের পর চট্টগ্রাম শহরে প্রথম জানাজা এবং সন্ধ্যার পর সাতকানিয়ায় তাদের গ্রামের বাড়িতে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে।












