কুমিল্লাসোমবার, ২রা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

কুমিল্লায় মায়ের চোখের সামনে ট্রাকচাপায় প্রাণ গেল মেয়ের

প্রতিবেদক
Cumilla Press
নভেম্বর ২, ২০২৬ ৫:৩৬ অপরাহ্ণ
Link Copied!

কুমিল্লার দেবিদ্বার উপজেলায় রাস্তা পারাপারের সময় মায়ের সামনেই ট্রাক চাপায় বয়স ১০ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার দুপুরে সিলেট মহাসড়কের ছোট শালঘর এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে দেবিদ্বার থানার ওসি মো. মনিরুজ্জামান জানান।

নিহত মিনহা ব্রাহ্মণপাড়া উপজেলার বাড়ানী এলাকার বাসিন্দা।

মিনহার মায়ের নাম জুলেখা আক্তার। সে ছোট শালঘর এলাকার আফতর উদ্দিন সরকার বাড়ির শাহ আলমের নাতনি।

ওসি মনিরুজ্জামান বলেন, “ঘটনাটি অত্যন্ত হৃদয়বিদারক। আমরা শুনেছি, দুর্ঘটনাটি কুমিল্লা-সিলেট মহাসড়কে ঘটেছে। খবর পেয়ে মীরপুর ফাঁড়ি পুলিশের একটি দল ঘটনাস্থলে গেছেন। তারা এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেবেন।

পুলিশ জানায়, মিনহা তার মা মা জুলেখা আক্তারের সঙ্গে নানার বাড়িতে বেড়াতে এসেছিল। সকালে জুলেখা আক্তার চিকিৎসকের পরামর্শ নিতে দেবিদ্বারে হাসপাতালে আসেন। এ সময় মিনহার সঙ্গে তার জমজ বোন ও নানিও ছিল।

চিকিৎসা শেষে তারা অটোরিকশায় করে নানার বাড়িতে ফিরছিলেন। পথে ছোট শালঘর এলাকায় অটোরিকশা থেকে নামার পর স্বজনরা ভাড়া পরিশোধ করছিলেন।

এ সময় মিনহা তাদের আগে মহাসড়ক পার হওয়ার চেষ্টা করলে একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে ওসি মনিরুজ্জামান জানান।