কুমিল্লার দাউদকান্দিতে রোগী পরিবহনের আড়ালে অ্যাম্বুলেন্সে করে মাদক পাচারের সময় ৬৭২ বোতল স্কাফ সিরাপসহ দুইজনকে আটক করেছে পুলিশ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত অ্যাম্বুলেন্সটিও জব্দ করা হয়েছে।
সোমবার (২ নভেম্বর) সকাল সোয়া ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে দাউদকান্দি মডেল থানা পুলিশের একটি দল মেঘনা-গোমতী সেতু টোল প্লাজায় চেকপোস্ট বসিয়ে অভিযান চালায়। সাব-ইন্সপেক্টর রেজওয়ানের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে একটি অ্যাম্বুলেন্সে তল্লাশি চালিয়ে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৬৭২ বোতল স্কাফ সিরাপ উদ্ধার করা হয়।
আটক ব্যক্তিরা হলেন—কুমিল্লার চৌদ্দগ্রাম পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের নোয়াপাড়া কাজীবাড়ি এলাকার মো. শহিদুল্লাহর ছেলে মো. নাহিদ (২৬) এবং একই উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বাহির গোড়া ইদ্রিস চেয়ারম্যান বাড়ি এলাকার আবু জাফরের ছেলে আব্দুর রহিম মুন্না (২৬)।
পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক দুজন দাবি করেছেন, তারা সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে ঢাকাসহ আশপাশের এলাকায় বিক্রি করতেন।
দাউদকান্দি মডেল থানা পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া মাদক ও জব্দ করা অ্যাম্বুলেন্সের বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।












