কুমিল্লাবুধবার, ২১শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

‎মেঘনা উপজেলা বিএনপির আহ্বায়ক রমিজ দ্বিতীয়বার বহিষ্কার

প্রতিবেদক
Cumilla Press
অক্টোবর ২১, ২০২৬ ২:১৪ অপরাহ্ণ
Link Copied!

কুমিল্লার মেঘনা উপজেলা বিএনপির আহ্বায়ক রমিজ উদ্দিন লন্ডনীকে দলীয় পদ থেকে দ্বিতীয়বারের মতো সাময়িক বহিষ্কার করা হয়েছে। বিভিন্ন কমিটিতে পদ দেওয়ার নামে আর্থিক সুবিধা নেওয়ার অভিযোগের পরিপ্রেক্ষিতে তাঁকে বহিষ্কার করা হয়। এর আগে দলীয় সিদ্ধান্ত অমান্য করার দায়ে তাঁকে বহিষ্কার করা হয়েছিল।
‎
‎মঙ্গলবার (২০ অক্টোবর) রাতে কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক আবুল হাসেম স্বাক্ষরিত এক চিঠিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
‎
‎চিঠিতে উল্লেখ করা হয়, বিএনপির বিভিন্ন কমিটিতে পদ পাইয়ে দেওয়ার কথা বলে রমিজ উদ্দিনের বিরুদ্ধে আর্থিক সুবিধা নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ নিয়ে বিভিন্ন জাতীয় দৈনিক ও অনলাইন সংবাদমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হওয়ায় দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে বলে চিঠিতে উল্লেখ করা হয়। এ অবস্থায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত মেঘনা উপজেলা বিএনপির আহ্বায়কের দায়িত্ব পালনের জন্য উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক আব্দুল অদুদ মুন্সিকে নির্দেশ দেওয়া হয়েছে।
‎
‎এর আগে, ২০২৪ সালে দলীয় সিদ্ধান্ত অমান্য করে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করায় রমিজ উদ্দিনকে দল থেকে বহিষ্কার করা হয়েছিল। পরে ক্ষমা চেয়ে আবেদন এবং দলীয় কর্মকাণ্ডে সক্রিয় হওয়ার পর তাঁর বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়।
‎
‎এ বিষয়ে দায়িত্বপ্রাপ্ত ভারপ্রাপ্ত আহ্বায়ক আব্দুল অদুদ মুন্সি বলেন, ‘দল আমাকে যে দায়িত্ব দিয়েছে, তা নিষ্ঠা ও সততার সঙ্গে পালনের চেষ্টা করব। দলের সাংগঠনিক কার্যক্রমকে আরও বেগবান করা এবং নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ রেখে দলকে আরও শক্তিশালী করাই হবে আমার প্রধান লক্ষ্য।’