কুমিল্লাসোমবার, ১৯শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

চৌদ্দগ্রামে মাদক সেবনে বাধা দেওয়ায় হামলা, আহত ২

প্রতিবেদক
Cumilla Press
অক্টোবর ১৯, ২০২৬ ১:২০ অপরাহ্ণ
Link Copied!

কুমিল্লার চৌদ্দগ্রামে মাদক সেবন ও উচ্চ শব্দে গান-বাজনা বাজানোর প্রতিবাদ করায় হামলার শিকার হয়েছেন মো. মোস্তফা (৬৫) ও শাহআলম (৫০) নামে দুই ব্যক্তি। এ ঘটনায় দুজনই গুরুতর আহত হয়েছেন। তাঁদের মধ্যে শাহআলমের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

বুধবার (১৪ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার জগন্নাথদীঘি ইউনিয়নের নোয়াগ্রাম সওদাগর বাড়িতে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় আহত মো. মোস্তফা বাদী হয়ে স্থানীয় তিনজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ১০ থেকে ১২ জনকে অভিযুক্ত করে চৌদ্দগ্রাম থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, নোয়াগ্রামের সওদাগর বাড়ির ভেতরে একটি পুকুরপাড়ে দীর্ঘদিন ধরে কয়েকজনের বিরুদ্ধে মাদক সেবন, ক্যারম খেলা এবং উচ্চ শব্দে গান-বাজনা বাজিয়ে এলাকার পরিবেশ ও শান্তি-শৃঙ্খলা বিঘ্নিত করার অভিযোগ রয়েছে। এসব কর্মকাণ্ডের প্রতিবাদ করায় আশপাশের বাড়ির লোকজনকে হুমকি দেওয়া হতো বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

অভিযোগে বলা হয়, ঘটনার দিন রাতে অভিযুক্ত কাইয়ুমের নেতৃত্বে কয়েকজন সেখানে মাদক সেবন ও উচ্চ শব্দে গান-বাজনা করছিলেন। কয়েকবার নিষেধ করার পরও তাঁরা তা বন্ধ করেননি। পরে বাড়ির প্রবীণ ব্যক্তি মোস্তফা ও অন্যরা তাঁদের বাধা দিলে অভিযুক্তরা ক্ষিপ্ত হয়ে দেশীয় অস্ত্র নিয়ে মোস্তফা ও তাঁর ভাই শাহআলমের ওপর হামলা চালান। এতে দুজনের মাথায় রক্তাক্ত জখমসহ গুরুতর আঘাত লাগে।

এ সময় স্থানীয় লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পরে আহতদের উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। প্রাথমিক চিকিৎসা শেষে শাহআলমকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরবর্তী সময়ে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে।

অভিযোগে স্থানীয় মো. আলীর ছেলে মো. কাইয়ুম (২২), মীর হোসেনের ছেলে মো. নাঈম (২৪) এবং মৃত আনা মিয়ার ছেলে মো. আলীর নাম উল্লেখ করা হয়েছে।

এ ঘটনায় এলাকায় উদ্বেগ সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা। ভুক্তভোগী পরিবার ও সচেতন এলাকাবাসী ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।