চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় জমি চাষের পাওনা ১৫০ টাকা নিয়ে বিরোধের জেরে লাঠির আঘাতে গুরুতর আহত কৃষক আব্দুস সালাম মালিথা (৪৮) মারা গেছেন। পাঁচ দিন কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন থাকার পর শনিবার তার মৃত্যু হয়।
রোববার (১৮ অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম।
নিহত আব্দুস সালাম মালিথা আলমডাঙ্গা উপজেলার মোড়ভাঙ্গা গ্রামের বাসিন্দা।
স্থানীয় বাসিন্দারা জানান, গত বুধবার (১৪ অক্টোবর) বিকেল ৩টার দিকে মোড়ভাঙ্গা বাজারে জমি চাষের ট্রাক্টর ভাড়া বাবদ পাওনা ১৫০ টাকা নিয়ে সালামের সঙ্গে ট্রাক্টরের মালিক আরিফের (৩৫) কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে বিরোধের জেরে আরিফ কাঠের চলা দিয়ে সালামের মাথায় আঘাত করেন বলে অভিযোগ উঠেছে। এতে তিনি গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।
পরে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। সেখানে পাঁচ দিন চিকিৎসাধীন থাকার পর শনিবার দুপুরে তার মৃত্যু হয়।
সরেজমিনে দেখা যায়, সালামের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর মোড়ভাঙ্গা গ্রাম ও আশপাশের এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনেরা কান্নায় ভেঙে পড়েছেন। নিহতের স্ত্রী ও মেয়ে এ ঘটনার সুষ্ঠু তদন্তের পাশাপাশি অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
পুলিশ জানিয়েছে, ঘটনার পর থেকে অভিযুক্ত আরিফ পলাতক রয়েছেন। এ ঘটনায় মরদেহের সুরতহাল ও ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে।
আলমডাঙ্গা থানার ওসি মোহাম্মদ রাকিবুল ইসলাম বলেন, ‘এ ঘটনায় আগেই হত্যাচেষ্টার অভিযোগে মামলা হয়েছিল। এখন সেটি হত্যা মামলায় রূপান্তরিত হয়েছে। আরিফ হোসেনকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।’












