কুমিল্লাবৃহস্পতিবার, ১৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বিকেলে রিকশা নিয়ে বের হয়ে আর ফেরেননি সাকোওয়াত, সকালে উদ্ধার মরদেহ

প্রতিবেদক
Cumilla Press
অক্টোবর ১৪, ২০২৬ ১:০০ অপরাহ্ণ
Link Copied!

জয়পুরহাটের পাঁচবিবিতে ব্যাটারিচালিত অটোরিকশা ছিনতাইয়ের পর সাকোওয়াত হোসেন (২২) নামের এক চালককে নির্মমভাবে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার (১৪ অক্টোবর) ভোরে উপজেলার পাথরঘাটা এলাকা থেকে ওই তরুণ চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত সাকোওয়াত হোসেন পাঁচবিবি উপজেলার উচাই এলাকার মৃত আনোয়ার হোসেনের ছেলে।

পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেলে সাকোওয়াত তার অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হন। গভীর রাত হয়ে গেলেও তিনি বাড়ি না ফেরায় এবং মুঠোফোন বন্ধ থাকায় স্বজনদের সন্দেহ হয়। রাতেই বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

পরদিন বুধবার ভোরে উচাই সংলগ্ন পাথরঘাটা এলাকায় একটি মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশ ও পরিবারকে খবর দেন। পরে স্বজনরা ঘটনাস্থলে গিয়ে সাকোওয়াতের মরদেহ শনাক্ত করেন। খবর পেয়ে পাঁচবিবি থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতাল মর্গে পাঠায়।

নিহতের স্বজনদের দাবি, অটোরিকশা ছিনতাই করার উদ্দেশ্যে সাকোওয়াতকে হত্যা করে নির্জন স্থানে ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা। এই নির্মম হত্যাকাণ্ডের খবরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং নিহতের পরিবারে চলছে শোকের মাতম।

পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মো. মোকলেছুর রহমান জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। হত্যার মূল রহস্য উদ্ঘাটন এবং অপরাধীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনতে কাজ করছে পুলিশ।