কুষ্টিয়ার ছেঁউড়িয়ায় লালন আখড়া পরিদর্শনে গিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নাসীরুদ্দীন পাটওয়ারীসহ তিনজন আহত হয়েছেন বলে জানিয়েছে দলটি।
রোববার (৪ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে।
এনসিপির মিডিয়া টিমের নেতা ইয়াসির আরাফাত বলেন, লালন আখড়া পরিদর্শনে গেলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে ইট নিক্ষেপ করা হয়। এতে একটি ইট তার হাতে লাগে। এ ঘটনায় নাসীরুদ্দীনসহ তিনজন আহত হয়েছেন বলে দাবি করেন তিনি।
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন বলেন, নাসীরুদ্দীন পাটওয়ারী রোববার সন্ধ্যায় ফকির লালন শাহের মাজারে এসেছিলেন বলে তারা জানতে পেরেছেন। তার সঙ্গে অনাকাঙ্ক্ষিত কিছু ঘটেছে বলেও খবর পেয়েছেন তারা।
এদিকে ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে গেছে বলে জানিয়েছে কুষ্টিয়া জেলা পুলিশ। তবে হামলার কারণ বা কারা এতে জড়িত, তাৎক্ষণিকভাবে তা নিশ্চিত হওয়া যায়নি।











