কুমিল্লামঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

অপ্রতিমের বাবাকে ফোন করে যা বললেন নাহিদ ইসলাম

প্রতিবেদক
Cumilla Press
সেপ্টেম্বর ২২, ২০২৬ ৩:২৫ অপরাহ্ণ
Link Copied!

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতিমের (১৩) বাবা ফিরোজ শাহরিয়ারকে ফোন করে সমবেদনা জানিয়েছেন বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।

সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেলে কুমিল্লা নগরীর কোটবাড়ি গন্ধমতি এলাকায় অপ্রতিমদের বাসায় যান জাতীয় নাগরিক পার্টির সহযোগী সংগঠন জাতীয় যুবশক্তির আহ্বায়ক তরিকুল ইসলাম।

তরিকুল ইসলামের মোবাইল ফোনে কল দেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক, বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। এসময় কুশল বিনিময় শেষে শোক ও সমবেদনা জানান এনসিপি প্রধান।

১ মিনিট ৪৯ সেকেন্ডের কথোপকথনে নাহিদ ইসলাম অপ্রতিমের বাবাকে বলেন, আপনাদের জন্য আমরা খুবই শোকাহত। ম্যাডামকে (অপ্রতিমের মা ড. নাহিদা বেগম) আমার সালাম জানাবেন।

এসময় অপ্রতিমের বাবা বলেন, আসলে আপনাদের ম্যাডাম একটু অসুস্থ। গত চারদিন কোনো খাবার খেতে পারছে না। স্যালাইন চলছে।

নাহিদ ইসলাম বলেন, আমরা অপ্রতিমের এই ঘটনার জন্য বিচার দাবি করছি। এটা যাতে যথাযথ তদন্ত হয়, এটার সুষ্ঠু বিচারটা যাতে আপনারা পান এবং আমরা সর্বাত্মক আপনাদের পাশে আছি।

নাহিদ ইসলাম আরও বলেন, এটুকুইতো আমাদের সক্ষমতা। আপনারা আমাদের জন্য দোয়া রাখবেন। আর কোনো বাবা-মার সাথে যেন এ ধরনের ঘটনা না হয় আর কী। এটা খুব মর্মান্তিক একটা বিষয়। ইনশাআল্লাহ আমি একদিন দেখা করব আপনাদের সাথে।

অপ্রতিমের বাবা বলেন, আপনারাও আমাদের জন্য দোয়া করবেন। আর বিচারটা যাতে যথাযথ হয় অভিভাবক হিসেবে আমরা এটাই প্রত্যাশা করি। সেক্ষেত্রে অবশ্যই দেখবেন।

নাহিদ ইসলাম বলেন, জ্বি অবশ্যই। আমাদের প্রতিনিধিরা যোগাযোগ রাখবে। যেকোনো প্রয়োজন বা যেকোনো বিষয় মনে করেন, আমরা আপনাদের কোনো কাজে লাগতে পারি, কোনো দ্বিধা না করে আমাদেরকে জানাবেন দয়া করে। এসময় সালাম বিনিময়ের মধ্যে কথোপকথনটি শেষ হয়।

এর আগে রোববার (২০ সেপ্টেম্বর) সকালে অপ্রতিমের বাবা ফিরোজ শাহরিয়ারকে ফোন করে সমবেদনা জানান জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

প্রসঙ্গত, গত শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে কুমিল্লা কোটবাড়ি এলাকা থেকে নিখোঁজ হয় অপ্রতিম। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র সন্তান সে। শুক্রবার বিকেলে মায়ের আইফোন নিয়ে ছবি তুলতে গিয়ে আর বাসায় ফেরেনি। পরে তার বাবা ফিরোজ শাহরিয়ার সদর দক্ষিণ মডেল থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন। নিখোঁজের পরদিন শনিবার দুপুরে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের দক্ষিণ গেটের পাশে লালমাই পাহাড়ঘেঁষা সানন্দা গ্রামের ঝোপ থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। 

অপ্রতিম কুমিল্লা কোটবাড়ি এলাকায় বর্ডার গার্ড পাবলিক স্কুলের ৭ম শ্রেণির শিক্ষার্থী। অপ্রতিমের সঙ্গে থাকা আইফোনটি নেওয়ার জন্যই তাকে হত্যা করা হয়েছে। কিলিং মিশনে অংশ নেন চারজন। সবাইকে শনাক্ত করে আটক করেছে পুলিশ। পরে অপ্রতিমের বাবার দায়ের করা মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে তোলা হলে সিয়াম ছাড়া বাকী তিনজন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। এ ঘটনা দেশজুড়ে আলোড়ন সৃষ্টি করেছে।