কুমিল্লাশুক্রবার, ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

‘বিরোধী দলের লংমার্চ ঘিরে ষড়যন্ত্রের ছক কষছে আ.লীগ’

প্রতিবেদক
Cumilla Press
সেপ্টেম্বর ১৮, ২০২৬ ৬:৫২ অপরাহ্ণ
Link Copied!

বিরোধী দলের ঢাকা-রংপুর লংমার্চকে কেন্দ্র করে দেশকে অস্থিতিশীল করার পরিকল্পনা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খাঁন। তার দাবি, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা সাধারণ মানুষের পরিচয়ে লংমার্চে প্রবেশ করে নাশকতা চালানোর চেষ্টা করতে পারে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এ অভিযোগ করেন রাশেদ খাঁন।

পোস্টে তিনি দাবি করেন, গত ১৬ বছরে প্রশাসনসহ রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে আওয়ামী লীগের প্রভাব তৈরি হয়েছিল। তার মতে, সেই পরিস্থিতি থেকে দেশকে বের করে রাষ্ট্র পুনর্গঠনের জন্য বৃহত্তর জাতীয় ঐক্য প্রয়োজন। তবে বিরোধী দল রাষ্ট্র পুনর্গঠনের দিকে মনোযোগ না দিয়ে এমন কিছু কর্মসূচি নিচ্ছে, যা আওয়ামী লীগের রাজনৈতিকভাবে ফিরে আসার পথ তৈরি করতে পারে বলে মন্তব্য করেন তিনি।

রাশেদ খাঁনের ভাষ্য, তিনি এমন তথ্য পেয়েছেন যে বিরোধী দলের লংমার্চকে ঘিরে আওয়ামী লীগের পক্ষ থেকে একটি পরিকল্পনা করা হচ্ছে। নিজস্ব রাজনৈতিক ব্যানারে কোনো কর্মসূচি করার সক্ষমতা না থাকায় দলটির কিছু লোক সাধারণ মানুষের ছদ্মবেশে লংমার্চে ঢুকে পরিকল্পিতভাবে নাশকতা চালিয়ে পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করতে পারে বলে দাবি করেন তিনি।

লংমার্চের নিরাপত্তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী। তিনি বলেন, ঢাকা থেকে রংপুরের দূরত্ব প্রায় ৩০০ কিলোমিটার। এত দীর্ঘ পথে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করেও কর্মসূচিতে অংশ নেওয়া মানুষের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করা কঠিন হতে পারে।

তার আশঙ্কা, কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে সেটির দায় বর্তমান সরকারের ওপর চাপানোর চেষ্টা হতে পারে। এমন পরিস্থিতিতে বিরোধী দলের কর্মসূচির নিরাপত্তা নিশ্চিত করতে সরকারকে বাড়তি সতর্কতা অবলম্বন করতে হতে পারে বলেও মন্তব্য করেন তিনি।

রাশেদ খাঁন তার পোস্টে বিরোধী দলের প্রতি পরিস্থিতি ও বাস্তবতা বিবেচনা করে রাজনৈতিক কর্মসূচি গ্রহণের আহ্বান জানান। তিনি বলেন, কোনো কর্মসূচির কারণে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হলে এর দায় বা প্রভাব শুধু রাজনৈতিক দলগুলোর মধ্যে সীমাবদ্ধ থাকবে না, বরং এর খেসারত পুরো জাতিকে দিতে হতে পারে।