রাজধানীর খিলগাঁওয়ে দুই বাসের ধাক্কায় তাসফিয়া আহমেদ তিশা (৩১) নামে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের এক শিক্ষিকা নিহত হয়েছেন।
বুধবার (১৬ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে মেরাদিয়ার প্রধান সড়কে বসুমতি হাসপাতালের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত তিশা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের আফতাবনগর শাখার শিক্ষক ছিলেন।
খিলগাঁও থানার উপপরিদর্শক (এসআই) অনয় চন্দ্র পাল জানান, মোটরসাইকেলে করে বাসায় ফিরছিলেন তিশা। পথে রমজান পরিবহনের একটি বাস তাকে ধাক্কা দিলে তিনি মোটরসাইকেল থেকে সড়কে পড়ে যান। এ সময় পেছন থেকে আসা আরেকটি বাস তাকে চাপা দেয়।
গুরুতর আহত অবস্থায় পথচারীরা তিশাকে উদ্ধার করে ফরাজী হাসপাতালে নিয়ে যান। পরে পরিবারের সদস্যরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক পরীক্ষা করে মৃত ঘোষণা করেন।
পুলিশ জানায়, দুর্ঘটনার পরপরই দুটি বাস জব্দ করা হয়েছে। এ ঘটনায় একটি বাসের চালক ও অন্য বাসের সহকারীকে আটক করা হয়েছে।
দুর্ঘটনার ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।












