কুমিল্লাবুধবার, ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

গৌরীপুরে গ্যাসের আগুনে দগ্ধ একই পরিবারের ৩ জন

প্রতিবেদক
Cumilla Press
সেপ্টেম্বর ১৬, ২০২৬ ৩:১৪ অপরাহ্ণ
Link Copied!

কুমিল্লার গৌরীপুরে একটি বাসায় গ্যাস লিকেজ থেকে আগুনের ঘটনায় একই পরিবারের তিনজন দগ্ধ হয়েছেন। বর্তমানে তারা ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন।

বুধবার (১৬ সেপ্টেম্বর) সকালে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. সুলতান মাহমুদ শিকদার বিষয়টি নিশ্চিত করেন। দগ্ধরা হলেন—ফারহানা (৩৪) এবং তার দুই ছেলে ওয়ালিদ (১৪) ও খালিদ (৮)।

ডা. সুলতান মাহমুদ জানায়, রাত ৩টার দিকে দগ্ধ অবস্থায় একই পরিবারের তিনজনকে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। তাদের মধ্যে ওয়ালিদের শরীরের ১০ শতাংশ, ফারহানার ৫ শতাংশ এবং খালিদের ৩ শতাংশ দগ্ধ হয়েছে। বর্তমানে জরুরি বিভাগে তাদের চিকিৎসা চলছে।

দগ্ধ ফারহানার স্বামী মো. আলমগীর জানায়, তাদের ঘরের ভেতর দিয়ে তিতাস বা লাইনের গ্যাসের পাইপ অন্য একটি ঘরে নেওয়া হয়েছিল। ওই পাইপের লিকেজ থেকে মাঝেমধ্যেই গ্যাস বের হতো।

ঘটনার বর্ণনা দিয়ে তিনি বলেন, ‘গতকাল রাত ৮টার দিকে আমাদের ঘরের ভেতরে বিকট গ্যাসের গন্ধ ছড়িয়ে পড়ে। ঠিক ওই সময়েই ঘরের ভেতরে থাকা মশা মারার জন্য আমার ছেলে ইলেকট্রিক র‍্যাকেট ব্যবহার করে। র‍্যাকেটের স্পার্ক থেকে মুহূর্তের মধ্যে জমে থাকা গ্যাসে আগুন ধরে যায় এবং ঘরে থাকা আমার স্ত্রী ও দুই সন্তান দগ্ধ হয়।’

আলমগীর আরো জানান, আগুনের পর পরিবারের সদস্যদের উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। পরে রাত ৩টার দিকে তাদের ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আনা হয়। বর্তমানে সেখানেই তাদের চিকিৎসা চলছে।