সৌদি আরবের জেদ্দায় মিসাইল আতঙ্কে সিঁড়ি থেকে পড়ে নিহত সৌরভ ইসলাম।
সৌদি আরবের জেদ্দায় মিসাইল হামলার জরুরি সতর্কবার্তা পেয়ে তাড়াহুড়ো করে ভবনের ছাদ থেকে নামতে গিয়ে সিঁড়ি থেকে পড়ে সৌরভ ইসলাম (২৫) নামের এক বাংলাদেশি প্রবাসী যুবক নিহত হয়েছেন। নিহত সৌরভ নরসিংদীর রায়পুরা উপজেলার মুছাপুর এলাকার আমির ইসলামের একমাত্র ছেলে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) স্থানীয় সময় ভোর ৫টার দিকে সৌদি আরবের জেদ্দায় এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। সৌরভ জেদ্দার ‘আলসাইন’ নামের একটি কোম্পানিতে কর্মরত ছিলেন।
নিহতের পরিবার ও সহকর্মীদের সূত্রে জানা গেছে, মঙ্গলবার ভোরে সৌরভ জেদ্দায় তার কর্মস্থলের একটি ভবনের ছাদে অবস্থান করছিলেন। ওই সময় ইয়েমেনের হুতি বিদ্রোহীদের সম্ভাব্য মিসাইল হামলার একটি স্বয়ংক্রিয় সতর্কবার্তা সাইরেন আকারে তার মুঠোফোনে ভেসে ওঠে। জীবন বাঁচাতে তড়িঘড়ি করে ছাদ থেকে সিঁড়ি দিয়ে নিচে নামার সময় অসাবধানতাবশত একটি ঝুলন্ত রশির সঙ্গে পা পেঁচিয়ে যায়। এতে তিনি আছড়ে পড়ে মাথায় মারাত্মক আঘাত পান। অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই মৃত্যুর কোলে ঢলে পড়েন। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে স্থানীয় হাসপাতালের মর্গে পাঠায়।
একমাত্র সন্তানকে হারিয়ে সৌরভের গ্রামের বাড়ি রায়পুরার মুছাপুরে এখন শোকের মাতম চলছে। পাঁচ বছর আগে পরিবারের আর্থিক স্বচ্ছলতা ফেরাতে সৌদি আরবে পাড়ি জমিয়েছিলেন তিনি। গত বছর দেশে এসে বিয়ে করে ছুটি কাটিয়ে পুনরায় কর্মস্থলে ফিরে যান।
নিহত প্রবাসীর বাবা আমির ইসলাম বলেন, ছেলেটি ছিল আমাদের পুরো সংসারের একমাত্র অবলম্বন। আমরা সরকারের কাছে আকুল আবেদন জানাচ্ছি যেন দ্রুত সন্তানের মরদেহটি দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হয়।
এ বিষয়ে রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদ রানা জানান, প্রবাসীর নিহতের ঘটনাটি তিনি শুনেছেন। ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষ থেকে আনুষ্ঠানিক যোগাযোগ করা হলে সরকারি তহবিল ও দূতাবাসের মাধ্যমে মরদেহ আনার বিষয়ে সার্বিক সহায়তা দেওয়া হবে।












