অনিয়মের অভিযোগের বিষয়ে তথ্য জানতে চাওয়ায় মাগুরায় এক সাংবাদিককে অশালীন ভাষায় গালিগালাজ, পা কেটে নেওয়া এবং মামলা দিয়ে হয়রানির হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের মেকানিক মো. রেজাউল ইসলাম পিৎজার বিরুদ্ধে। এ ঘটনায় নিরাপত্তা চেয়ে মাগুরা সদর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন দৈনিক মানবকণ্ঠ ও এশিয়ান টেলিভিশনের মাগুরা জেলা প্রতিনিধি এস এম শিমুল রানা।
বুধবার (১৬ সেপ্টেম্বর) মাগুরা সদর থানায় করা জিডিতে সাংবাদিক শিমুল রানা উল্লেখ করেন, পেশাগত দায়িত্ব পালনের অংশ হিসেবে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় কর্মরত মো. রেজাউল ইসলাম পিৎজার সঙ্গে একটি অভিযোগের বিষয়ে মুঠোফোনে যোগাযোগ করেন তিনি।
জিডিতে তিনি অভিযোগ করেন, ওই বিষয়ে তথ্য জানতে চাইলে রেজাউল ইসলাম তার সঙ্গে অশালীন ভাষায় কথা বলেন। একপর্যায়ে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়। একই সঙ্গে পা কেটে নেওয়া এবং মামলা দিয়ে হয়রানি করার হুমকি দেওয়া হয় বলেও জিডিতে উল্লেখ করেন তিনি।
অভিযুক্ত মো. রেজাউল ইসলাম পিৎজা মাগুরা সদর উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের জয়েন উদ্দিনের ছেলে।
জিডিতে শিমুল রানা জিডিতে আরও উল্লেখ করেন, সাংবাদিক হিসেবে কোনো অভিযোগ বা ঘটনার বিষয়ে তথ্য সংগ্রহ এবং সংশ্লিষ্ট ব্যক্তির বক্তব্য নেওয়া তার পেশাগত দায়িত্বের অংশ। কিন্তু তথ্য জানতে গিয়ে হুমকি ও অসৌজন্যমূলক আচরণের কারণে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন। ভবিষ্যতে তার সঙ্গে অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা ঘটতে পারে—এমন আশঙ্কায় তিনি বিষয়টি সাধারণ ডায়েরিভুক্ত করার আবেদন করেন।
সাংবাদিক শিমুল রানা বলেন, একটি অভিযোগের বিষয়ে তথ্য জানতে মুঠোফোনে তার সঙ্গে যোগাযোগ করি। কিন্তু তিনি অভিযোগের বিষয়ে কোনো তথ্য না দিয়ে আমাকে বিভিন্নভাবে হুমকি-ধমকি দেন। এমনকি পা কেটে নেওয়া ও মামলা দেওয়ারও হুমকি দেন। এ ঘটনায় আমি বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগছি।
এ ঘটনায় মাগুরার স্থানীয় সাংবাদিকদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। সাংবাদিকদের অভিযোগ, পেশাগত দায়িত্ব পালনের সময় তথ্য জানতে চাওয়ার কারণে কোনো সাংবাদিককে হুমকি দেওয়া স্বাধীন সাংবাদিকতার পরিবেশের জন্য উদ্বেগজনক।
মাগুরা রিপোর্টার্স ইউনিটির সভাপতি মো. ইউনুছ আলী বলেন, তথ্য জানতে চাওয়ায় সাংবাদিককে অকথ্য ভাষায় গালিগালাজ, পা কেটে নেওয়ার হুমকি ও মামলা দিয়ে হয়রানির ভয় দেখানো অত্যন্ত নিন্দনীয়। এ ধরনের হুমকি স্বাধীন সাংবাদিকতার ওপর সরাসরি আঘাত। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই। অবিলম্বে হুমকিদাতার বিরুদ্ধে তদন্তসাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নিতে হবে। সাংবাদিকের নিরাপত্তা নিশ্চিত না হলে সাংবাদিক সমাজ কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে।
তবে অভিযোগের বিষয়ে অভিযুক্ত মো. রেজাউল ইসলাম পিৎজার বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার থান্দার খায়রুল হাসান বলেন, এ বিষয়ে মাগুরা সদর থানায় একটি সাধারণ ডায়েরি হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।












