নারায়ণগঞ্জের আড়াইহাজার বাজার মসজিদের দ্বিতীয় তলা থেকে একটি ৯ এমএম পিস্তল, দুটি ম্যাগজিন ও ২০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা পিস্তলটি ২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলনের সময় আড়াইহাজার থানা থেকে লুট হওয়া পুলিশের অস্ত্র বলে প্রাথমিকভাবে নিশ্চিত করেছে পুলিশ।
শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে আড়াইহাজার পৌরসভার বাজার মসজিদের দ্বিতীয় তলার দক্ষিণ পাশে কুরআন রাখার তাকের ওপর পরিত্যক্ত অবস্থায় অস্ত্র ও গুলিগুলো দেখতে পান মসজিদের মোয়াজ্জিন নাসির উদ্দিন। পরে তিনি সেগুলো আড়াইহাজার থানায় গিয়ে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সবজেল হোসেনের কাছে হস্তান্তর করেন।
আড়াইহাজার থানার উপ-পরিদর্শক (এসআই) শফিউল ইসলাম বলেন, উদ্ধার করা পিস্তলটি জুলাই-আগস্টের আন্দোলনের সময় আড়াইহাজার থানা থেকে লুট হওয়া পুলিশের অস্ত্র বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে।
ওসি মো. সবজেল হোসেন বলেন, এ বিষয়ে পুলিশ সুপার সাংবাদিকদের ব্রিফিং করবেন। উদ্ধার করা অস্ত্র ও গুলির বিষয়ে পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন।












