জহিরুল ইসলাম আজিম
কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লা জেলার সদর দক্ষিণ উপজেলায় পল্লী সঞ্চয় ব্যাংকের উদ্যোগে বিশেষ ঋণ কর্মসূচির উদ্বোধন, সদস্যদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। একই দিনে পল্লী সঞ্চয় ব্যাংকের চট্টগ্রাম বিভাগ -২ এর (কুমিল্লা, ফেনী, চাঁদপুর, লক্ষীপুর, নোয়াখালী ও ব্রাহ্মণবাড়িয়া) ২০২৪-২৫ অর্থবছরের কার্যক্রমের ভিত্তিতে শাখাভিত্তিক উৎসাহমূলক পুরস্কার প্রদান এবং ২০২৫-২৬ অর্থবছরের ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জনে অগ্রগতি পর্যালোচনা ও পরবর্তী কর্মপরিকল্পনা গ্রহণ বিষয়ক ব্যবস্থাপক সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হয়।
শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে কুমিল্লার সদর দক্ষিণ উপজেলা পরিষদের পল্লী সঞ্চয় ব্যাংকের শাখায় ১০ জন কে ঋণের চেক প্রদানের মাধ্যমে বিশেষ ঋণ কর্মসূচির উদ্বোধন ও বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়। পরে কুমিল্লার বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড) সম্মেলন কক্ষে ব্যবস্থাপক সম্মেলন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
পল্লী সঞ্চয় ব্যাংক, জেলা (আঞ্চলিক) কার্যালয় কুমিল্লার উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ এর অতিরিক্ত সচিব ও পল্লী সঞ্চয় ব্যাংক এর পরিচালনা বোর্ড এর পরিচালক ড. মোহাম্মদ মহিউদ্দীন।
বিশেষ অতিথি ছিলেন পল্লী সঞ্চয় ব্যাংকের মহাব্যবস্থাপক জনাব মো: আলা উদ্দিন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের শাখা তত্ত্বাবধান ও পরিদর্শন বিভাগ (চট্টগ্রাম বিভাগ-২)-এর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জনাব জামাল উদ্দিন।
কুমিল্লা জেলা আঞ্চলিক কার্যালয়ে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মুনতাজের রাশেদীনের সার্বিক তত্ত্বাবধানে পুরো কর্মসূচিটি অত্যন্ত সুশৃঙ্খলও সফলভাবে সম্পন্ন হয়।
এ সময় ৬ টি জেলার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও ৫৩ টি শাখার শাখা ব্যবস্থাপকগণ উপস্থিত ছিলেন।
সম্মেলনে ব্যাংকের সার্বিক কার্যক্রম, ঋণ বিতরণ, সঞ্চয় বৃদ্ধি, ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জন, গ্রাহকসেবার মান উন্নয়ন এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।
২০২৪-২৫ অর্থবছরে বিভিন্ন ক্ষেত্রে সাফল্য অর্জনকারী শাখাগুলোর মধ্যে উৎসাহমূলক পুরস্কার প্রদান করা হয়। পাশাপাশি ২০২৫-২৬ অর্থবছরের নির্ধারিত ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জনে শাখা ব্যবস্থাপকদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়।
প্রধান অতিথির বক্তব্যে ড. মোহাম্মদ মহিউদ্দীন বলেন, পল্লী সঞ্চয় ব্যাংকের প্রতিটি শাখা একটি করে সেবা কেন্দ্র হিসেবে কাজ করছে। গ্রামীণ অর্থনীতির উন্নয়ন এবং সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে।
তিনি বলেন, ব্যাংকের নীতি, পরিকল্পনা ও কর্মসূচি মাঠপর্যায়ে বাস্তবায়নের প্রধান দায়িত্ব শাখা ব্যবস্থাপকদের ওপর। কর্মকর্তা-কর্মচারীদের নিষ্ঠা, আন্তরিকতা ও প্রতিযোগিতামূলক মনোভাবের মাধ্যমেই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানো সম্ভব।
পুরস্কারপ্রাপ্তদের অভিনন্দন জানিয়ে তিনি বলেন, এই পুরস্কার শুধু স্বীকৃতি নয়, বরং আরও ভালো কাজের জন্য অনুপ্রেরণা। যারা এবার পুরস্কার পাননি, তাদের জন্যও এটি ভবিষ্যতে আরও ভালো পারফরম্যান্সের মাধ্যমে পুরস্কৃত হওয়ার অনুপ্রেরণা হিসেবে কাজ করবে।
বক্তারা বলেন, দেশের গ্রামীণ জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়নে পল্লী সঞ্চয় ব্যাংক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ব্যাংকের কার্যক্রম আরও গতিশীল করতে কর্মকর্তা-কর্মচারীদের দায়িত্বশীলতা, আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে।













