চাঁদপুরের কচুয়ায় মুসলিম বন্ধু কামাল হোসেনের মৃত্যুর খবর পেয়ে তার জানাজায় হাজির হয়েছেন সনাতন ধর্মাবলম্বী বন্ধু প্রদীপ সরকার। বন্ধুকে শেষবারের মতো দেখতে এসে জানাজার এক পাশে নীরবে দাঁড়িয়ে ছিলেন তিনি। অশ্রুসিক্ত চোখে প্রিয় বন্ধুর লাশের দিকে তাকিয়ে থাকা প্রদীপের দৃশ্যটি উপস্থিত সবার মাঝে আবেগ তৈরি করে।
বুধবার রাত ১১টার দিকে অসুস্থতাজনিত কারণে কচুয়া উপজেলার পালাখাল ইউনিয়নের দহুলিয়া গ্রামের বাসিন্দা কামাল হোসেন বাবুল (৫৫) মারা যান। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।
বন্ধুর মৃত্যুর খবর পেয়ে পাশের দোয়াটি গ্রামের বাসিন্দা প্রদীপ সরকার ছুটে আসেন জানাজায়। দীর্ঘদিনের বন্ধুকে হারানোর শোক কিছুতেই সামলাতে পারছিলেন না তিনি। জানাজার সময় নীরবে দাঁড়িয়ে চোখের পানি ফেলতে দেখা যায় তাকে।
স্বজনরা জানান, জীবনের নানা সময়ে সুখ-দুঃখ ভাগাভাগি করে নিয়েছেন কামাল ও প্রদীপ। ধর্ম আলাদা হলেও তাদের বন্ধুত্বে কখনো সেই বিভেদ বাধা হয়ে দাঁড়ায়নি।
বৃহস্পতিবার কামালের জানাজায় পরিবারের সদস্য, স্বজন ও বন্ধুবান্ধবের পাশাপাশি বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন। তবে সবার নজর কাড়ে প্রদীপের উপস্থিতি।
প্রিয় বন্ধুকে শেষবারের মতো দেখতে এসে প্রদীপের নীরব উপস্থিতি যেন মনে করিয়ে দিল—বন্ধুত্বের সম্পর্ক ধর্মের পরিচয়ে সীমাবদ্ধ নয়। মানুষের প্রতি মানুষের ভালোবাসা, সহমর্মিতা ও বন্ধুত্ব অনেক সময় সব বিভেদকে ছাপিয়ে যায়।












