কুমিল্লাবুধবার, ১২ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

মার্কিন বিমানবাহী রণতরীতে নাবিকদের মধ্যে সংঘর্ষে, নিহত ৭

প্রতিবেদক
Cumilla Press
আগস্ট ১২, ২০২৬ ৪:২৮ অপরাহ্ণ
Link Copied!

মার্কিন নৌবাহিনীর বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিংকনে নিজেদের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে সাত নৌসেনা নিহত এবং আরও বেশ কয়েকজন আহত হয়েছেন। ইরানের একাধিক গণমাধ্যমে এমনটা দাবি করা হয়েছে।

ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধে দীর্ঘদিন ধরে সাগরে মোতায়েন রয়েছে এই বিমানবাহী রণতরীটি। এ অবস্থায় রণতরিতে থাকা নাবিক ও মেরিনদের মানসিক স্বাস্থ্য এবং জীবনযাপনের পরিস্থিতি নিয়েও প্রশ্ন তুলেছে তাদের পরিবার। প্রায় ৫ হাজার নাবিক ও মেরিনকে বহনকারী রণতরিটির দীর্ঘমেয়াদি মোতায়েন এবং তাদের বর্তমান পরিস্থিতি নিয়ে কর্মকর্তাদের কাছে জবাব চেয়েছেন তারা।

ইরানি সংবাদ সংস্থা তাসনিম নিউজ এজেন্সির মতে, দীর্ঘদিনের মোতায়েনকে কেন্দ্র করে নাবিকদের মধ্যে বাড়তে থাকা অসন্তোষের মধ্যে রণতরীতে ভয়াবহ সংঘাতের ঘটনা ঘটেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন সেন্ট্রাল কমান্ডের প্রধান ব্র্যাড কুপারের এক উপদেষ্টা নাবিকদের অভিযোগ শুনতে রণতরীটিতে গেলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। দীর্ঘ সময় ধরে জাহাজটি মোতায়েন থাকায় নাবিকদের পরিবারের সদস্যদের মধ্যে অসন্তোষ তৈরি হয় এবং এ নিয়ে বিক্ষোভও হয়।

নাবিকদের একটি সমাবেশে ওই উপদেষ্টা বক্তব্য দেওয়ার সময় তাকে লক্ষ্য করে দুয়োধ্বনি দেওয়া হয় এবং পানির বোতল ছোড়া হয়। এরপর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে জাহাজের নাবিকদের মধ্যে হাতাহাতি শুরু হয়।

প্রতিবেদনে দাবি করা হয়েছে, একপর্যায়ে সংঘর্ষে ছুরি ও অন্যান্য ধারালো অস্ত্র ব্যবহার করা হয়। এতে সাতজন নৌসদস্য নিহত এবং আরও কয়েকজন আহত হন। ঘটনার পরও জাহাজটির ভেতরের পরিস্থিতি উত্তেজনাপূর্ণ ও অস্থির রয়েছে বলে প্রতিবেদনে বলা হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, ইউএসএস আব্রাহাম লিংকন টানা ২৬৩ দিন ধরে মোতায়েন রয়েছে এবং বর্তমানে ভারত মহাসাগরে অবস্থান করছে। দীর্ঘ এই মোতায়েনের কারণে জাহাজটির নাবিকদের ওপর বাড়তি চাপ তৈরি হয়েছে বলেও প্রতিবেদনে দাবি করা হয়েছে।

তবে সাতজন নিহত হওয়ার এই দাবির কোনো নির্ভরযোগ্য নিশ্চিতকরণ পাওয়া যায়নি। মার্কিন নৌবাহিনী বা অন্য কোনো প্রধান আন্তর্জাতিক সংবাদমাধ্যমের পক্ষ থেকেও এ ঘটনার বিষয়ে নিশ্চিত তথ্য পাওয়া যাচ্ছে না। তাই হতাহতের তথ্যটি আপাতত প্রতিবেদনে করা দাবি হিসেবেই উপস্থাপন করা হচ্ছে।