কুমিল্লাবুধবার, ১২ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

স্বামীর জানাজার ৫ মিনিট আগে স্ত্রীর মৃত্যু, একই সঙ্গে দাফন

প্রতিবেদক
Cumilla Press
আগস্ট ১২, ২০২৬ ৩:০৭ অপরাহ্ণ
Link Copied!

 কুমিল্লার চান্দিনায় স্বামীর জানাজার মাত্র পাঁচ মিনিট আগে স্ত্রীর মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে উপজেলার মাইজখার ইউনিয়নের রাণীচড়া গ্রামে হৃদয়বিদারক এ ঘটনা ঘটে। পরে একই সময়ে জানাজা শেষে পাশাপাশি দাফন করা হয় স্বামী-স্ত্রীকে। 

স্বজন ও প্রতিবেশীরা যখন জানাজার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন, তখনই ঘটে মর্মান্তিক ঘটনা। মসজিদে আজান হওয়ার পর জানাজায় যাওয়ার ঠিক পাঁচ মিনিট আগে হঠাৎ অসুস্থ হয়ে পরিবারের সদস্যদের সামনেই মারা যান সালেহা বেগম।

স্থানীয় বাসিন্দা মাওলানা মোশারফ হোসেন জানান, আব্দুস সাত্তার মাধ্যমিক শিক্ষা অফিসে নৈশপ্রহরী হিসেবে কর্মরত ছিলেন। প্রায় দেড় বছর আগে তিনি অবসরে যান। অন্যদিকে, তার স্ত্রী সালেহা বেগমও দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন এবং এর আগে ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়েছিলেন।

স্বামীর মৃত্যুর খবর পেয়ে শোকাহত সালেহা বেগম হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যেতে পারেন বলে ধারণা করছেন স্থানীয়রা। তবে তার মৃত্যুর সঠিক কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি।

আব্দুস সাত্তার ও সালেহা বেগম দুই ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন।

পরে মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে একই সঙ্গে স্বামী-স্ত্রীর জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে পাশাপাশি তাদের দাফন করা হয়। মর্মান্তিক এই ঘটনায় রাণীচড়া গ্রাম ও আশপাশের এলাকায় শোকের আবহ তৈরি হয়েছে।