কুমিল্লামঙ্গলবার, ১১ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

পাঁচ তারকা হোটেলে দুই মেয়েকে হত্যা, আত্মহত্যার চেষ্টা বাবার

প্রতিবেদক
Cumilla Press
আগস্ট ১১, ২০২৬ ১২:৫২ অপরাহ্ণ
Link Copied!

ভারতের বেঙ্গালুরুতে একটি পাঁচ তারকা হোটেলে দুই মেয়েকে হত্যার পর আত্মহত্যার চেষ্টা করেছেন এক ব্যক্তি। নিহত দুই শিশুর বয়স ১০ ও ৫ বছর।

পুলিশ জানিয়েছে, ৪০ বছর বয়সী এসজি ইমরানকে হোটেলের টয়লেট থেকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয়। তার গলায় ধারালো অস্ত্রের আঘাত ছিল। হোটেল নিরাপত্তাকর্মীরা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। তার অবস্থা আশঙ্কাজনক। খবর এনডিটিভির। 

পুলিশের ভাষ্য অনুযায়ী, ইমরান রোববার (৯ আগস্ট) সন্ধ্যায় দুই মেয়েকে নিয়ে হোটেলে ওঠেন। পরদিন বিকেল ৪টার দিকে হোটেলের পরিচ্ছন্নতাকর্মীরা কক্ষে গিয়ে দরজায় নক করলেও কোনো সাড়া পাননি।

পরে দরজা খুলে দেখা যায়, বিছানায় দুই শিশুর মরদেহ পড়ে রয়েছে। কাছেই ইমরানকে গুরুতর আহত অবস্থায় পাওয়া যায়।

পুলিশের প্রাথমিক তদন্তে ধারণা, ইমরান দুই মেয়েকে শ্বাসরোধ করে হত্যার পর নিজেও আত্মহত্যার চেষ্টা করেন।

পুলিশ সূত্রের দাবি, ইমরান তার স্ত্রীকে পরকীয়ার সন্দেহ করতেন। পুলিশকে দেওয়া প্রাথমিক বক্তব্যে তিনি সন্তানদের হত্যার জন্য এ সন্দেহকে কারণ হিসেবে উল্লেখ করেছেন বলে জানা গেছে।

তবে পুলিশ বলছে, এটি প্রকৃত হত্যার কারণ কি না, তা তদন্ত শেষ না হওয়া পর্যন্ত নিশ্চিত নয়।

বেঙ্গালুরু পুলিশের ডেপুটি কমিশনার জি কে মিথুন কুমার জানান, ইমরান নিজেই দুই মেয়েকে হত্যার কথা স্বীকার করেছেন। তার বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করে তদন্ত শুরু হয়েছে।

পুলিশ তার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে ঘটনার প্রকৃত কারণ ও পুরো ঘটনার ধারাবাহিকতা জানার চেষ্টা করছে।