চাঁদপুরের শাহরাস্তিতে এসএসসি পরীক্ষায় দুই বিষয়ে অকৃতকার্য হওয়ার খবর শোনার পর শামীমা আক্তার মুন্নি নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আজ সোমবার দুপুরে শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মুন্নি উপজেলার চেড়িয়ারা স্কুল অ্যান্ড কলেজের মানবিক বিভাগের শিক্ষার্থী ছিল। এ বছর সে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল। ফল প্রকাশের পর জানা যায়, দুই বিষয়ে অকৃতকার্য হয়েছে সে।
মুন্নির মৃত্যুর কারণ নিয়ে এলাকায় নানা আলোচনা চলছে। স্থানীয় কয়েকজনের দাবি, ফলাফল মেনে নিতে না পেরে সে আত্মহত্যা করেছে।
তবে মুন্নির বাবা শামীম আহমেদের দাবি, হৃদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মুন্নির মৃত্যু হয়েছে।
চেড়িয়ারা স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ নাজির আহমেদ বলেন, মুন্নি এ বছর মানবিক বিভাগ থেকে এসএসসি পরীক্ষায় অংশ নেয়। সে দুই বিষয়ে অকৃতকার্য হয়েছে।
শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরা খাতুন বলেন, বিষয়টি তাঁর নজরে এসেছে। ঘটনাটি দুঃখজনক। কোনো শিক্ষার্থী যেন পরীক্ষার ফলাফলে হতাশ হয়ে এমন কোনো পদক্ষেপ না নেয়, সে জন্য তিনি শিক্ষার্থীদের লেখাপড়ায় মনোযোগী হওয়ার আহ্বান জানান।












