খুলনা নগরীতে ছেলেকে লক্ষ্য করে দুর্বৃত্তদের ছোড়া গুলিতে গুলিবিদ্ধ হয়েছেন গৃহবধূ শিমুল বেগম। সোমবার (১০ আগস্ট) সকাল ১০টার দিকে সোনাডাঙ্গা থানার করিমনগর এলাকায় এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী পরিবারের সদস্যরা জানায়, সকাল আনুমানিক ১০টার দিকে তিন দুর্বৃত্ত মোবাইল ফোন ব্যবসায়ী মুজিব খানের ছেলে কলেজছাত্র হৃদয় খানকে খুঁজতে করিমনগরের বাড়িতে যায়। এ সময় মুজিব খান ছেলে বাড়িতে নেই বলে জানালে দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে এক রাউন্ড গুলি ছোড়ে। গুলিটি পাশে দাঁড়িয়ে থাকা মুজিব খানের স্ত্রী শিমুল বেগমের পেটে বিদ্ধ হয়। গুরুতর আহত অবস্থায় শিমুল বেগমকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, হৃদয় খানের সঙ্গে পূর্বশত্রুতার জেরে দুর্বৃত্তরা এ ঘটনা ঘটিয়েছে। তাদের মূল টার্গেট ছিল হৃদয় খান। তবে গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে তার মা শিমুল বেগম গুলিবিদ্ধ হন।














