রাজশাহীর বাগমারায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় মানসিক হতাশা থেকে কারিনা পাল (১৬) নামে এক স্কুলছাত্রী আত্মহত্যা করেছেন। সোমবার (১০ আগস্ট) দুপুরে শিক্ষার্থীর নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।
কারিনা পাল উপজেলার ১১নং গনিপুর ইউনিয়নের মহব্বতপুর গ্রামের শ্রী কাঞ্চন কুমার পালের মেয়ে। তিনি চাঁন্দেরআড়া উচ্চ বিদ্যালয় থেকে চলতি বছর বিজ্ঞান বিভাগে এসএসসি পরীক্ষা দিয়েছেন।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, এসএসসি পরীক্ষার ফল প্রকাশের পর কারিনা জানতে পারেন রসায়ন ও পদার্থবিজ্ঞান বিষয়ে অকৃতকার্য হয়েছে। এ খবর জানার পর তিনি মানসিকভাবে ভেঙে পড়েন। একপর্যায়ে মায়ের সঙ্গে কথা কাটাকাটির পর নিজ ঘরে প্রবেশ করে সিলিং ফ্যানের সঙ্গে মায়ের শাড়ি গলায় পেঁচিয়ে ফাঁস দেন। পরে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে পরিবারের সদস্যরা স্থানীয় হাসপাতাল থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
চাঁন্দেরআড়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আ. আউয়াল জানান, কারিনা ছাত্রী হিসেবে ভালো ছিল। কী কারণে তার ফলাফল খারাপ হয়েছে, তা বলা কঠিন। ফলাফল খারাপ হতেই পারে; তাই বলে জীবন শেষ করে দেয়া কোনো সমাধান নয়। সে চাইলে পরবর্তীতে আবারও পরীক্ষায় অংশ নেয়ার সুযোগ পেত।
বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হবে।














