ডেস্ক রিপোর্ট:
কুমিল্লার চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে আয়েশা বেগম (৭০) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। তিনি উপজেলার চিওড়া ইউনিয়নের বেরলা গ্রামের সামছুল আলম মজুমদারের স্ত্রী।
আজ শনিবার (৮ আগস্ট) সকাল ৯টায় উপজেলার গুণবতী রেলস্টেশনের কাছে সাতবাড়িয়া রোড ক্রসিংয়ে দুর্ঘটনাটি ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন গুণবতী রেলস্টেশন মাস্টার মো. সাইফুল ইসলাম।
নিহত আয়েশা বেগমের মেয়ের স্বামী স্থানীয় স্কুল শিক্ষক মোহাম্মদ মোতালেব জানায়, তার শাশুড়ি আয়েশা বেগম শুক্রবার (৭ আগস্ট) বিকালে গুণবতী গ্রামের বাবার বাড়িতে বেড়াতে যান। সেখান থেকে শনিবার সকাল ৯টায় নিজবাড়িতে ফেরার পথে গুণবতী রেলস্টেশনের সাতবাড়িয়া রোডের রেল ক্রসিং পার হওয়ার সময়ে দুটি ট্রেন দুই লেনে একই সময়ে ক্রসিং হচ্ছিল।
তিনি আরো জানান, চট্টগ্রামমুখী লেন ক্রস করলেও অসাবধনতাবশত ঢাকাগামী সুর্বণ এক্সপ্রেস ট্রেনটি খেয়াল করেননি। এ সময় তিনি ওই ট্রেনের ধাক্কায় মাথায় আঘাত লেগে ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছে তার মরদেহ বাড়িতে নিয়ে আসি।
গুণবতী রেলস্টেশন মাস্টার সাইফুল ইসলাম জানান, শনিবার সকালে ঢাকাগামী সুর্বণ এক্সপ্রেস গুণবতী রেলস্টেশন পার হওয়ার সময়ে স্টেশনের সন্নিকটে সাতবাড়িয়া রোড রেল ক্রসিংয়ে ধাক্কা লেগে ঘটনাস্থলেই আয়েশা বেগম নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। পরে স্বজনরা এসে মরদেহ নিয়ে যায়।
লাকসাম জিআরপি থানার ওসি জসিম উদ্দিন জানায়, এই বিষয়ে আপনার মাধ্যমে জানতে পারলাম। খোঁজ নিয়ে আইনানুগ ব্যবস্থা নেব।












