কুমিল্লাশুক্রবার, ৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

কুমিল্লায় যৌতুকের টাকা না পেয়ে স্ত্রীকে পিটিয়ে হাত ভাঙার অভিযোগ, স্বামী গ্রেপ্তার

প্রতিবেদক
Cumilla Press
আগস্ট ৭, ২০২৬ ৫:৫৪ অপরাহ্ণ
Link Copied!

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় যৌতুকের টাকা না পেয়ে স্ত্রীকে মারধর করে হাত ভেঙে দেওয়ার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ভুক্তভোগীর অভিযোগ, স্বামীর নির্মম মারধরে তার শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত লাগে এবং ডান হাতের হাড় ভেঙে যায়।

শুক্রবার (৭ আগস্ট) সকালে উপজেলার শশীদল ইউনিয়নের নারায়ণপুর গ্রামে অভিযান চালিয়ে অভিযুক্ত স্বামী মো. নাজমুল হাসান সুজন (২৮)কে গ্রেপ্তার করা হয়। তিনি ওই গ্রামের বাচ্চু মিয়ার ছেলে।

এ ঘটনায় ভুক্তভোগী স্ত্রী মোসা. তাহমিদা আক্তার জোহরা বাদী হয়ে ব্রাহ্মণপাড়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন এবং যৌতুক-সংক্রান্ত আইনে মামলা দায়ের করেন। মামলা দায়েরের পরপরই পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্তকে আটক করে।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৫ আগস্ট বুধবার সকাল সাড়ে ৭টার দিকে নিজ বাড়িতে সুজন তার স্ত্রী জোহরার কাছে বাবার বাড়ি থেকে যৌতুকের টাকা এনে দেওয়ার দাবি করেন। জোহরা এতে অপারগতা প্রকাশ করলে তাদের মধ্যে কথাকাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা তীব্র বাকবিতণ্ডায় রূপ নেয়। অভিযোগ রয়েছে, এরপর সুজন ক্ষিপ্ত হয়ে স্ত্রীকে এলোপাতাড়ি মারধর করেন। এতে জোহরা গুরুতর আহত হন এবং তার ডান হাতের হাড় ভেঙে যায়। পরে তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়।

ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন বলেন, যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধরের অভিযোগে মামলা দায়েরের পর অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতে পাঠানো হয়েছে। মামলার তদন্ত চলছে। তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দাখিল করা হবে।