কুমিল্লাবুধবার, ৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

মালয়েশিয়ায় মারামারি, ৩ বাংলাদেশি নিহত

প্রতিবেদক
Cumilla Press
আগস্ট ৫, ২০২৬ ৫:৪৩ অপরাহ্ণ
Link Copied!

মালয়েশিয়ার নেগেরি সেম্বিলান অঙ্গরাজ্যের পোর্ট ডিকসনে সহকর্মীদের মধ্যে মারামারিতে তিন বাংলাদেশি নিহত হয়েছেন। এ ঘটনায় আরও এক বাংলাদেশি গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। মালয়েশিয়ার গণমাধ্যম দ্য স্টার এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, মারামারির এ ঘটনায় জড়িত সন্দেহে এক বাংলাদেশিকে আটক করেছে স্থানীয় পুলিশ।

অঙ্গরাজ্যের পুলিশ প্রধান জানান, গত সোমবার স্থানীয় সময় বিকেল সোয়া চারটায় স্থানীয় অধিবাসীদের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। পরে সেখান থেকে অভিযান চালিয়ে ৪০ বছর বয়সী এক বাংলাদেশিকে আটক করা হয়।

পুলিশ জানিয়েছে, নিহত ব্যক্তিদের মধ্যে দুজনের মরদেহ লাদাঙ্গ সুয়া মাঙ্গিস এলাকা থেকে এবং তৃতীয় জনের মরদেহ পাওয়া যায় তাদের থাকার বাসা থেকে। প্রত্যেকের শরীরেই গুরুতর আঘাতের চিহ্ন পাওয়া গেছে।

পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, নিহত, আহত ও আটক ব্যক্তি সবাই একই প্রতিষ্ঠানে কাজ করতেন এবং একই বাসায় বসবাস করতেন। সম্পূর্ণ ঘটনার ধারাবাহিকতা ও প্রকৃত কারণ উদঘাটনে বিস্তারিত তদন্ত অব্যাহত রয়েছে।