কুমিল্লাবুধবার, ৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

চবি শিক্ষার্থী ফরহাদ হত্যা মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা মিল্টন গ্রেপ্তার

প্রতিবেদক
Cumilla Press
আগস্ট ৫, ২০২৬ ৩:০৮ অপরাহ্ণ
Link Copied!

জুলাই-আগস্টের ছাত্র-জনতার আন্দোলনকালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থী ফরহাদ হোসেন হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মুসফিকুর রহমান মিল্টনকে (৪৫) গ্রেপ্তার করেছে মাগুরা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেপ্তার মিল্টন শ্রীপুর উপজেলার সবদালপুর ইউনিয়ন আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সাধারণ সম্পাদক এবং মকর্দ্দোমখোলা গ্রামের মৃত সিদ্দিক মোল্লার ছেলে।

পুলিশ জানায়, সোমবার (৩ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শ্রীপুর উপজেলার জারিয়া গ্রামের জসিমের দোকানের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে তাকে আদালতে হাজির করা হলে আদালত কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

পুলিশ সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় মাগুরা শহরের পারনান্দুয়ালী ব্রিজ এলাকায় গুলিবিদ্ধ হয়ে নিহত হন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফরহাদ হোসেন (২২)। তিনি শ্রীপুর উপজেলার রায়নগর গ্রামের গোলাম মোস্তফার ছেলে। এ ঘটনায় দায়ের করা হত্যা মামলায় মুসফিকুর রহমান মিল্টনকে এজাহারে ১৩ নম্বর আসামি করা হয়েছে।

মাগুরা জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মেহেদী হাসান বলেন, ফরহাদ হোসেন হত্যা মামলার এজাহারভুক্ত ১৩ নম্বর আসামি মুসফিকুর রহমান মিল্টনকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।