কুমিল্লাবুধবার, ৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

তিতুমীর কলেজে ছাত্রশক্তির ২ নেতার ওপর ছাত্রদলের হামলার অভিযোগ

প্রতিবেদক
Cumilla Press
আগস্ট ৫, ২০২৬ ১২:৩৬ অপরাহ্ণ
Link Copied!

রাজধানীর সরকারি তিতুমীর কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে অংশ নিতে গিয়ে জাতীয় ছাত্রশক্তির দুই নেতার ওপর হামলার অভিযোগ উঠেছে ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে। 

বুধবার (৫ আগস্ট) বেলা পৌনে ১১টার দিকে কলেজ অডিটোরিয়ামে এ ঘটনা ঘটে। 

হামলায় জাতীয় ছাত্রশক্তি তিতুমীর কলেজ সংসদের আহ্বায়ক সাখাওয়াত হোসেন ও সদস্য সচিব আল নোমান নিরবসহ বেশ কয়েকজন নেতাকর্মী আহত হন। আহত দুই নেতাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। 

জাতীয় ছাত্রশক্তির দাবি, জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে কলেজ কর্তৃপক্ষের আয়োজিত অনুষ্ঠানে সংগঠনটির তিতুমীর কলেজ সংসদের নেতারা উপস্থিত হলে ছাত্রদলের নেতাকর্মীরা তাদের ওপর অতর্কিত হামলা চালান। হামলার সময় লাঠিসোটা ও দেশীয় অস্ত্র ব্যবহার করা হয় বলেও অভিযোগ করেন সংগঠনটির নেতারা।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, হামলার সময় ছাত্রশক্তির নেতাকর্মীদের মারধর করে ক্যাম্পাস থেকে বের করে দেওয়া হয়। পরে আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

হামলার বিষয়ে জাতীয় ছাত্রশক্তি তিতুমীর কলেজ সংসদের আহ্বায়ক সাখাওয়াত হোসেন বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে অংশ নিতে আমরা ক্যাম্পাসে গিয়েছিলাম। কিন্তু ছাত্রদলের নেতাকর্মীরা আমাদের ওপর অতর্কিত হামলা চালায়। আমি, সদস্য সচিব আল নোমান নিরবসহ আমাদের একাধিক নেতাকর্মী আহত হয়েছি। দেশীয় অস্ত্র দিয়ে আমাদের মারধর করা হয়েছে। পরে আমার চোখেও আঘাত করা হয়েছে। এখনো তারা আমাদের খুঁজছে বলে খবর পাচ্ছি। আমরা এই হামলার সুষ্ঠু বিচার চাই। যারা ক্যাম্পাসে সন্ত্রাসের পরিবেশ তৈরি করতে চায়, তাদের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানাই। আমরা দমে যাব না, চিকিৎসা শেষে আবার ক্যাম্পাসে ফিরব।’

নি আরও অভিযোগ করেন, হামলার সময় কয়েকজন সাংবাদিকও হামলার শিকার হয়েছেন। তাদের ওপরও হামলা চালানো হয়েছে বলে দাবি করেন তিনি।

একই ঘটনায় জাতীয় ছাত্রশক্তি তিতুমীর কলেজ সংসদের সদস্য সচিব আল নোমান নিরব বলেন, ‘কলেজ কর্তৃপক্ষের আয়োজিত অনুষ্ঠানে অংশ নিতে আমরা ক্যাম্পাসে গিয়েছিলাম। কোনো ধরনের উসকানি ছাড়াই ছাত্রদলের নেতাকর্মীরা অডিটোরিয়ামে ঢুকে আমাদের ওপর হামলা চালায়। এতে আমি, আমাদের আহ্বায়ক, সংগঠনের নেতাকর্মী, সাংবাদিক এবং কয়েকজন সাধারণ শিক্ষার্থী আহত হয়েছেন। হামলার সময় কয়েকজন সাংবাদিকের মোবাইল ফোন ও টাকা ছিনিয়ে নেওয়ারও অভিযোগ রয়েছে। আমাদের এমনভাবে মারধর করা হয়েছে যে, অনেকের নড়াচড়া করার অবস্থাও নেই।’

আল নোমান নিরব আরও বলেন, ‘আমাদের ক্যাম্পাস থেকে বের করে দেওয়া হয়েছে। আমরা নিরাপদ স্থানে আশ্রয় নিয়েছি। এরপরও হামলাকারীরা আমাদের খুঁজছে। আমরা দেশবাসী, প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করছি। ক্যাম্পাসে কোনো একক আধিপত্য বা সন্ত্রাসের রাজনীতি নয়, আমরা একটি নিরাপদ শিক্ষাঙ্গন চাই।’

এর আগে মঙ্গলবারও দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রসংগঠনগুলোর মধ্যে সংঘর্ষ ও মারামারির ঘটনা ঘটেছে।