রাজধানীর বকশিবাজার ঢাকা সরকারি আলিয়া মাদরাসায় ছাত্রদল ও শিবিরের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় আহত দুই ছাত্রদল নেতা ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
আহতরা হলেন, সরকারি আলিয়া মাদরাসার ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক সানাউল্লাহ (৩০) এবং লালবাগ থানা ছাত্রদলের সদস্য সচিব ও ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক নিছার উদ্দিন রাব্বি (২৭)।
মঙ্গলবার (৪ আগস্ট) বিকেল ৪টার দিকে সরকারি আলিয়া মাদরাসা চত্বরে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
আহত ছাত্রদল নেতা নিছার উদ্দিন রাব্বি অভিযোগ করে বলেন, তিনি সরকারি আলিয়া মাদরাসার ছাত্র নন। তবে সেখানে তার অনেক বন্ধুবান্ধব রয়েছেন। বিকেলে তাদের সঙ্গে মাদরাসা চত্বরে বসে আড্ডা দিচ্ছিলেন। এ সময় শিবিরের নেতাকর্মীরা তাদের ওপর অতর্কিত হামলা চালায়। তারা লাঠিসোটা দিয়ে মারধর করে এবং ইটপাটকেল নিক্ষেপ করে। এতে তিনি ও সানাউল্লাহ আহত হন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসকরা জানান, সানাউল্লাহর দুই পা, পিঠসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। এছাড়া রাব্বির বাম পায়ে ইটের আঘাত এবং পড়ে গিয়ে বাম হাতে আঘাত লেগেছে। জরুরি বিভাগে তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে।
তবে এ ঘটনায় শিবিরের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো বক্তব্য পাওয়া যায়নি।












