কুমিল্লাসোমবার, ৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

সিলেটে আরও ২৮ জনের হাম শনাক্ত, দুই শিশুর মৃত্যু

প্রতিবেদক
Cumilla Press
আগস্ট ৩, ২০২৬ ১:১৯ অপরাহ্ণ
Link Copied!

সোমবার (৩ আগস্ট) সকালে সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় প্রকাশিত হাম ও রুবেলা রোগের পরিস্থিতি প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

স্বাস্থ্য বিভাগের সর্বশেষ তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৩ আগস্ট পর্যন্ত সিলেট বিভাগে মোট ৭০৬ জনের শরীরে হাম রোগ নিশ্চিত হয়েছে। এর মধ্যে সুনামগঞ্জে সর্বোচ্চ ৩৪৩ জন, সিলেট জেলায় ২৩৫ জন, হবিগঞ্জে ৬৭ জন এবং মৌলভীবাজারে ৬১ জন আক্রান্ত হয়েছেন। হবিগঞ্জে শনাক্ত রোগীদের মধ্যে দুজনের শরীরে রুবেলা রোগও নিশ্চিত হয়েছে।

একই প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামের উপসর্গ নিয়ে নতুন করে ৯৩ জন বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন মোট ২৫৪ জন সন্দেহভাজন রোগী।

হাসপাতালভিত্তিক তথ্য অনুযায়ী, সবচেয়ে বেশি রোগী ভর্তি রয়েছেন শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে। এছাড়া ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল, রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতাল, নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতাল, সুনামগঞ্জ জেলা সদর হাসপাতাল, হবিগঞ্জ জেলা সদর হাসপাতাল এবং মৌলভীবাজার জেলা সদর হাসপাতালেও উল্লেখযোগ্য সংখ্যক রোগী চিকিৎসা নিচ্ছেন।

এদিকে চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত সিলেট বিভাগে হামে আক্রান্ত হয়ে মোট ১১৬ জনের মৃত্যুর তথ্য জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। রোগটির বিস্তার রোধে অভিভাবকদের শিশুদের সময়মতো টিকা নিশ্চিত করার পাশাপাশি জ্বর ও শরীরে লালচে দানা দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।