বাগেরহাটের শরণখোলায় একটি বেসরকারি হাসপাতালের কক্ষ থেকে হাছিনা খানম (৩৪) নামে এক নার্সের মরদেহ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (২৩ জুলাই) সকালে উপজেলার রায়েন্দা পাঁচ রাস্তা এলাকার গ্রামীণ জেনারেল হাসপাতাল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. অন্তরা দাস বিষয়টি নিশ্চিত করেছেন।
মৃত হাছিনা খানম শরণখোলা উপজেলার উত্তর তাফালবাড়ি গ্রামের জসিম হাওলাদারের স্ত্রী। তিনি গ্রামীণ জেনারেল হাসপাতালে নার্স হিসেবে কর্মরত ছিলেন।
হাসপাতাল সূত্রে জানা গেছে, সকালে হাসপাতালের একটি কক্ষে বিশ্রাম নিচ্ছিলেন হাছিনা খানম। দীর্ঘ সময় কোনো সাড়া না পাওয়ায় সহকর্মীরা দরজা ভেঙে তাকে উদ্ধার করেন। পরে দ্রুত শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. অন্তরা দাস বলেন, এখানে আনার আগেই তার মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকেয়া খানম বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। ঘটনাটির কারণ খতিয়ে দেখা হচ্ছে।












