প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) নেতারা। এ সময় দেশের বস্ত্রশিল্পের বর্তমান পরিস্থিতি, রপ্তানি সম্ভাবনা এবং খাতটির বিভিন্ন চ্যালেঞ্জ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বৈঠকে বস্ত্রশিল্পের বিদ্যমান সমস্যাগুলো পর্যালোচনা ও কার্যকর সমাধানের লক্ষ্যে একটি উচ্চপর্যায়ের কমিটি গঠনের নির্দেশ দেন প্রধানমন্ত্রী।
বুধবার সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বিষয়টি নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব হাসান শিপলু।
বৈঠকে বিটিএমএর নেতারা দেশের অর্থনীতি, কর্মসংস্থান এবং রপ্তানি আয়ে বস্ত্রশিল্পের গুরুত্বপূর্ণ অবদানের কথা তুলে ধরেন। একই সঙ্গে শিল্পের টেকসই উন্নয়ন নিশ্চিত করতে সরকারের নীতিগত ও প্রাতিষ্ঠানিক সহযোগিতা কামনা করেন। আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা সক্ষমতা বাড়াতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের বিষয়েও প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করা হয়।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, দেশের শিল্পায়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং বৈদেশিক মুদ্রা অর্জনে বস্ত্রশিল্প অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এ খাতের উন্নয়ন ও বিদ্যমান সমস্যার সমাধানে সরকার প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখবে বলে তিনি আশ্বাস দেন।
সাক্ষাৎকালে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের সভাপতি শওকত আজিজ রাসেল, সহসভাপতি শামীম ইসলাম, সাবেক সভাপতি এ মতিন চৌধুরী, সাবেক পরিচালক সৈয়দ এনায়েত কবির, ইঞ্জিনিয়ার রাজীব হায়দার, বর্তমান পরিচালক চৌধুরী মোহাম্মদ হানিফ সোয়েব, বাদশা মিয়া, আমানত শাহ গ্রুপের চেয়ারম্যান হেলাল মিয়া এবং মুন্নু ফেব্রিকসের ব্যবস্থাপনা পরিচালক সামিউল ইসলাম উপস্থিত ছিলেন।











