কুমিল্লাবুধবার, ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

সবুজবাগের পর হাজারীবাগে, রাজধানীতে কয়েক ঘণ্টার ব্যবধানে দুই খুন

প্রতিবেদক
Cumilla Press
জুলাই ২২, ২০২৬ ১১:০৯ পূর্বাহ্ণ
Link Copied!

রাজধানীর সবুজবাগে পূর্বশত্রুতার জেরে পলাশ (৩৬) নামে এক যুবককে কুপিয়ে হত্যার কয়েক ঘণ্টা পর হাজারীবাগে সাগর হোসেন বুলেট (২৮) নামে আরেক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে।

মঙ্গলবার (২১ জুলাই) দিবাগত রাত ২টার দিকে হাজারীবাগের ভাগলপুর লেনে নিজ বাসার সামনে সাগর হোসেন বুলেটের ওপর হামলার ঘটনা ঘটে।

হাজারীবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) এবিএম তৌহিদ জানান, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে পুলিশ ভাগলপুর লেন এলাকায় গিয়ে এক যুবককে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে।

পরে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় ভোরে তার মৃত্যু হয়।

তিনি আরও জানান, নিহত সাগর হোসেন বুলেট হাজারীবাগের ভাগলপুর লেন এলাকার বাসিন্দা। তার বাবার নাম শাহাদত হোসেন।সাগর বেকার ছিলেন। তার মাথায় একাধিক ছুরিকাঘাতের চিহ্ন পাওয়া গেছে।

এসআই জানান, কে বা কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার রহস্য উদঘাটনে পুলিশের একাধিক টিম কাজ করছে। লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

এর আগে মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর সবুজবাগে পূর্বশত্রুতার জেরে পলাশ (৩৬) নামে এক এক ওয়ার্ড বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা করা হয়। হামলাকারীরা তার শরীরের বিভিন্ন স্থানে আঘাত করার পাশাপাশি দুই হাতের কব্জিও বিচ্ছিন্ন করে দেয় বলে জানিয়েছে পুলিশ।

নিহত পলাশের গ্রামের বাড়ি লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার সোনাপুর গ্রামে। তিনি বর্তমানে সবুজবাগের মাদারটেক চৌরাস্তা এলাকায় বসবাস করতেন।